বিশ্বের সেরা পাঁচ আধুনিক মসজিদের তালিকায় বাংলাদেশের আলফাডাঙ্গা মসজিদ

সময়ের আলো ডেস্ক

ইসলাম

আধুনিক মসজিদ স্থাপত্যের অন্যতম সম্মানজনক আন্তর্জাতিক স্বীকৃতি ‘আবদুল লতিফ আল-ফাউজান মসজিদ স্থাপত্য পুরস্কার’-এর পঞ্চম আসরের (২০২৩-২০২৬) বিজয়ীদের নাম ঘোষণা করা

2026-11-20T10:36:36+00:00
2026-11-20T10:36:36+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
ইসলাম
আল-ফাউজান স্থাপত্য পুরস্কার
বিশ্বের সেরা পাঁচ আধুনিক মসজিদের তালিকায় বাংলাদেশের আলফাডাঙ্গা মসজিদ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ এএম 
বাংলাদেশের ফরিদপুর জেলার আলফাডাঙ্গা মসজিদ। সংগৃহীত ছবি
আধুনিক মসজিদ স্থাপত্যের অন্যতম সম্মানজনক আন্তর্জাতিক স্বীকৃতি ‘আবদুল লতিফ আল-ফাউজান মসজিদ স্থাপত্য পুরস্কার’-এর পঞ্চম আসরের (২০২৩-২০২৬) বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সৌদি আরবের ধাহরানে অবস্থিত কিং আবদুল আজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচারে এ পুরস্কার ঘোষণা করা হয়। 

এবার বাংলাদেশ, যুক্তরাজ্য, ওমান, নাইজার ও ইন্দোনেশিয়ার পাঁচটি মসজিদ এই সম্মাননা অর্জন করেছে। পুরস্কারপ্রাপ্ত মসজিদগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের ফরিদপুরের আলফাডাঙ্গা মসজিদ। আর্ক ডেইলির তথ্যের ভিত্তিতে পুরস্কার পাওয়া পাঁচটি মসজিদের বিশেষত্ব তুলে ধরা হলো।

পুরস্কারজয়ী পাঁচ মসজিদ

১. আলফাডাঙ্গা মসজিদ, বাংলাদেশ

বাংলাদেশের ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় অবস্থিত মসজিদটির নকশা করেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম। তার প্রতিষ্ঠান মেরিনা তাবাসসুম আর্কিটেক্টস ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। 

মেরিনা তাবাসসুমের স্থাপত্যচর্চার অন্যতম বৈশিষ্ট্য হলো স্থানীয় পরিবেশ, জলবায়ু, ইতিহাস, সংস্কৃতি ও মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে স্থাপনা নির্মাণ করা। আলফাডাঙ্গা মসজিদের নকশাতেও এই দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে।

মসজিদটির মূল কাঠামো তৈরি করা হয়েছে ইট দিয়ে। এর বিভিন্ন অংশে রাখা হয়েছে খোলা জায়গা ও জানালার মতো ফাঁকা অংশ। এসব পথ দিয়ে প্রাকৃতিক আলো সরাসরি নামাজের স্থানে প্রবেশ করে, যা ভেতরে এক প্রশান্ত ও আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে।

উন্মুক্ত মঞ্চের আদলে তৈরি মসজিদটি আশপাশের সবুজ প্রকৃতির সঙ্গে দৃষ্টিগত সম্পর্ক বজায় রেখেছে। পাশাপাশি সামনের খোলা চত্বর স্থানীয় মানুষের একত্র হওয়া ও সামাজিক যোগাযোগের জন্য বাড়তি জায়গা হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি করেছে।

২. ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদ, যুক্তরাজ্য

যুক্তরাজ্যের ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের নকশা করেছে ব্রিটিশ স্থাপত্য প্রতিষ্ঠান মার্কস বারফিল্ড আর্কিটেক্টস। প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব ও টেকসই স্থাপত্যের পাশাপাশি স্থাপনার মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনার ওপর গুরুত্ব দেয়।

মসজিদটির নকশায় আধুনিক স্থাপত্যের সঙ্গে ইসলামী ও ইংরেজ স্থাপত্য ঐতিহ্যের সমন্বয় ঘটানো হয়েছে। এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো গাছের মতো দেখতে কাঠের একটি বিশেষ কাঠামো। এটি একদিকে ছাদের ভার বহন করছে, অন্যদিকে ভবনের ভেতরের স্থান বিন্যাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মসজিদের বিভিন্ন অংশ দিয়ে প্রাকৃতিক আলো প্রবেশ করে। এতে ভেতরে তৈরি হয় মনোরম ও আধ্যাত্মিক পরিবেশ। কাঠের ব্যবহার এবং চারপাশের প্রকৃতির সঙ্গে স্থাপনাটির সামঞ্জস্য পরিবেশের প্রতি স্থপতিদের দায়িত্বশীল মনোভাবের পরিচয় দেয়।

৩. বাব আস-সালাম মসজিদ, ওমান

ওমানের রাজধানী মাসকাটভিত্তিক স্থাপত্য প্রতিষ্ঠান আল-তাকাদ্দুম অফিস ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি গবেষণাভিত্তিক স্থাপত্যচর্চার জন্য পরিচিত। আধুনিক নকশার মাধ্যমে ওমানের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরা তাদের কাজের অন্যতম দিক।

বাব আস-সালাম মসজিদের নকশাতেও এই চিন্তার প্রতিফলন দেখা যায়। এতে ওমানের ঐতিহ্যবাহী স্থাপত্যের সরলতার সঙ্গে আধুনিক স্থাপত্যের ধারণা যুক্ত করা হয়েছে।

মসজিদটির ভেতরে প্রাকৃতিক আলো এবং উন্মুক্ত জায়গার ব্যবহার ইবাদতের পরিবেশকে আরও বিশেষ করে তুলেছে। নির্মাণে স্থানীয় উপকরণ ও টেকসই প্রযুক্তি ব্যবহারের ফলে স্থাপনাটি স্থানীয় সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে।

শুধু ধর্মীয় উপাসনালয় নয়, স্থানীয় মানুষের মিলনস্থল হিসেবেও মসজিদটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

৪. হিকমা কমিউনিটি কমপ্লেক্স, নাইজার

নাইজারের হিকমা কমিউনিটি কমপ্লেক্সের নকশা তৈরি করেছে স্টুডিও চাহার এবং মারিয়াম ইসুফু আর্কিটেক্টস যৌথভাবে।

মারিয়াম ইসুফু আর্কিটেক্টস সাংস্কৃতিক পরিচয়, টেকসই উন্নয়ন এবং সমাজের ওপর স্থাপত্যের প্রভাব নিয়ে কাজ করে। অন্যদিকে, স্টুডিও চাহার এমন স্থাপত্য ও নির্মিত পরিবেশ তৈরিতে আগ্রহী, যা সামাজিক ন্যায়বিচার এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সহায়ক।

দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে তৈরি হিকমা কমপ্লেক্সে একটি মসজিদ ও একটি গ্রন্থাগার রয়েছে। ইসলামে জ্ঞানচর্চার গুরুত্বকে নতুনভাবে সামনে আনাই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

নির্মাণকাজে ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী ও স্থানীয় নির্মাণপদ্ধতি অনুসরণ করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে সংকুচিত মাটির ইট। ফলে স্থাপনাটি স্থানীয় পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে সহজেই মানিয়ে নিয়েছে।

এখানে শুধু ইবাদতের সুযোগই নেই, শিক্ষা গ্রহণ এবং সামাজিক যোগাযোগের জন্যও রয়েছে উপযোগী পরিবেশ।


৫. নুরুল ইয়াকিন মসজিদ, ইন্দোনেশিয়া 

ইন্দোনেশিয়ার স্থপতি ডেভ অরল্যান্ডো ও ফুন্ডি গুনাওয়ান নুরুল ইয়াকিন মসজিদের নকশা করেছেন। তাদের স্থাপত্যচর্চায় প্রকৃতি ও স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। নকশায় সরলতা, ব্যবহারিক সুবিধা ও আরামদায়ক স্থান বিন্যাসের সমন্বয় দেখা যায়।

নুরুল ইয়াকিন মসজিদেও তাদের এই চিন্তার প্রতিফলন রয়েছে। মসজিদটির নকশায় অতিরিক্ত অলংকরণ পরিহার করে সরল স্থাপত্যশৈলী অনুসরণ করা হয়েছে। চারপাশে পানি থাকায় দূর থেকে ভবনটিকে ভাসমান স্থাপনার মতো দেখায়।

কংক্রিট ও ইট দিয়ে নির্মিত এই মসজিদের মেঝেতে ব্যবহার করা হয়েছে নীল রঙের টেরাজো। পাশাপাশি প্রাকৃতিক আলো ও বাতাস চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

সাদামাটা স্থাপত্যের সঙ্গে সূক্ষ্ম ইসলামী অলংকরণ যুক্ত হওয়ায় মসজিদের ভেতরে তৈরি হয়েছে শান্ত ও মনোযোগ ধরে রাখার উপযোগী পরিবেশ।

কীভাবে দেওয়া হয় এই পুরস্কার?

‘আবদুল লতিফ আল-ফাউজান মসজিদ স্থাপত্য পুরস্কার’ সমসাময়িক মসজিদ স্থাপত্যের ক্ষেত্রে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা হিসেবে পরিচিত। ২০১১ সালে প্রবর্তিত এই পুরস্কারের মাধ্যমে এমন মসজিদের নকশাকে স্বীকৃতি দেওয়া হয়, যেখানে আধুনিক সমাজের পরিবর্তিত চাহিদার পাশাপাশি ইসলামী স্থাপত্যের ঐতিহ্য ও মৌলিক নীতিগুলোও গুরুত্ব পায়।

পুরস্কারের পঞ্চম আসরের মূল প্রতিপাদ্য ছিল ‘দ্য লিভিং মস্ক’। এই ধারণার মূল লক্ষ্য হলো মসজিদের ঐতিহ্যবাহী সামাজিক ভূমিকা আবারও সামনে নিয়ে আসা। অর্থাৎ মসজিদ কেবল নামাজ আদায়ের স্থান নয়, বরং নগরজীবনের এমন একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হবে, যা স্থানীয় মানুষের দৈনন্দিন জীবন ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবে। 

স্থাপত্য, শিল্পকলা ও মানবিক বিদ্যার পাঁচজন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক জুরি বোর্ড পুরস্কারের জন্য মনোনীত বিশ্বের বিভিন্ন অঞ্চলের দুই শতাধিক মসজিদ পর্যালোচনা করেছে।

মূল্যায়নের ক্ষেত্রে পাঁচটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। সেগুলো হলো— সৌন্দর্য, স্থায়িত্ব, প্রযুক্তি, সামাজিক সংযোগ এবং অর্থনৈতিক দক্ষতা।

এবার এমন স্থাপত্য প্রকল্পগুলোকে পুরস্কৃত করা হয়েছে, যেগুলো স্থানীয় পরিবেশ ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মিত হয়েছে, মানুষের সামাজিক জীবনকে সমৃদ্ধ করছে এবং আধুনিক ধর্মীয় স্থাপত্যের নতুন সম্ভাবনা তুলে ধরছে। 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   আল-ফাউজান স্থাপত্য পুরস্কার  বাংলাদেশ  আলফাডাঙ্গা মসজিদ 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: