ইতিহাসের পাতায় মুহাম্মদ (সা.)-এর ইয়েমেন সফর

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

মক্কা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ছিল আরবের ঐতিহাসিক বাণিজ্যকেন্দ্র হুবাশার বাজার। ইয়েমেনের সীমান্তবর্তী তিহামা অঞ্চলের এই বাজারে প্রতিবছর রজব

2026-11-20T20:34:50+00:00
2026-11-20T20:34:50+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
ইসলাম
ইতিহাসের পাতায় মুহাম্মদ (সা.)-এর ইয়েমেন সফর
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:৩৪ পিএম 
ছবি : সংগৃহীত
মক্কা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ছিল আরবের ঐতিহাসিক বাণিজ্যকেন্দ্র হুবাশার বাজার। ইয়েমেনের সীমান্তবর্তী তিহামা অঞ্চলের এই বাজারে প্রতিবছর রজব মাসে বসত আট দিনের জমজমাট বাণিজ্য মেলা। আরবের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা আসতেন সেখানে। বিক্রি হতো স্বর্ণ, গম, খেজুর, চামড়া, সুরমা, কাপড়সহ নানা পণ্য।

নবী মুহাম্মদ (সা.) যৌবনে এই বাজারে ব্যবসা করতে গিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন খাদিজা (রা.)-এর বিশ্বস্ত কর্মচারী মাইসারা। খাদিজা (রা.)-এর ব্যবসায়িক কাফেলা নিয়ে তিনি মক্কা থেকে দক্ষিণের এই বাণিজ্যকেন্দ্রে যাতায়াত করতেন। সেখানে ইয়েমেনের বিখ্যাত জানাদ অঞ্চলের কাপড়সহ বিভিন্ন পণ্য কেনাবেচা করতেন তারা।

আবদুর রাজ্জাক আস-সানআনির বর্ণনায় পাওয়া যায়, ‘তিনি পরিণত বয়সে পৌঁছালেন, অথচ তার পর্যাপ্ত সম্পদ নেই। তখন খুওয়াইলিদ কন্যা খাদিজা তাকে হুবাশার বাজারের উদ্দেশে বাণিজ্যে নিয়োজিত করেন।’ (আল-মুসান্নাফ, হাদিস : ৯৪৭২)

কিন্তু কোথায় ছিল সেই হুবাশার বাজার? মক্কা থেকে কত দূরে ছিল এর অবস্থান? কোন পথ ধরে সেখানে যেতেন নবীজি (সা.)? এসব প্রশ্নের উত্তর পাওয়া যায় প্রাচীন আরবের ইতিহাস, ভৌগোলিক বিবরণ ও সাহাবিদের বর্ণনায়।

হাকিম ইবনে হিজাম ছিলেন কুরাইশ বংশের প্রভাবশালী নেতা এবং বিখ্যাত দারুন নদওয়ার স্বত্বাধিকারী। তিনি ছিলেন খাদিজা (রা.)-এর চাচাতো ভাই। যৌবনে মুহাম্মদ (সা.)-এর ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। বয়সে নবীজির চেয়ে পাঁচ বছরের বড় ছিলেন তিনি। (ইবনে হাজার আল-আসকালানি, আল-ইসাবা ফি তাময়িযিস সাহাবা, ২/১১২)

অষ্টম হিজরি পর্যন্ত ইসলাম গ্রহণ না করলেও নবীজি (সা.)-এর প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা ছিল গভীর। একবার কাবার প্রাঙ্গণে কিছু কাপড় নিলামে উঠলে তিনি ৫০টি স্বর্ণমুদ্রা দিয়ে সেগুলো কিনে নবীজিকে উপহার দিতে মদিনায় যান। তবে নবীজি মুশরিকের উপহার গ্রহণ করতে রাজি হননি। পরে কাপড়ের মূল্য গ্রহণ করে তা উপহার হিসেবে গ্রহণ করেন। (মুসনাদে আহমাদ, হাদিস : ১৫৩২৪)


এই হাকিম ইবনে হিজামই হুবাশার বাজারে  ‍মুহাম্মদ (সা.)-এর ব্যবসার প্রত্যক্ষ বর্ণনা দিয়েছেন। ইতিহাসবিদ ইবনে সাদের গ্রন্থে তার বক্তব্য উদ্ধৃত হয়েছে।

হাকিম বলেন, তিহামা অঞ্চলে অনেক বাজার ছিল। এর মধ্যে সবচেয়ে বড় ছিল হুবাশার বাজার। মক্কা থেকে আল-জানাদের পথ ধরে সেখানে যেতে হতো। তিনি নিজেও নিয়মিত ওই বাজারে যেতেন। একবার সেখানে নবীজি (সা.)-কে দেখতে পান। সেখান থেকে তিনি কিছু কাপড় কেনেন এবং তা নিয়ে মক্কায় ফিরে আসেন।

হাকিমের বর্ণনা অনুযায়ী, খাদিজা (রা.) যখন নবীজি (সা.)-কে হুবাশার বাজারে পাঠান, তখন তার সঙ্গে মাইসারাও ছিলেন। তারা দুজন সেখানে গিয়ে আল-জানাদের কাপড়সহ বিভিন্ন পণ্য কেনাবেচা করেন। এরপর মক্কায় ফিরে আসেন। সেই বাণিজ্যে তাদের ভালো লাভ হয়েছিল। বাজারটি প্রতিবছর রজব মাসে আট দিন বসত। (ইবনে সাদ, আত-তাবাকাত, ৬/৫১)

অন্য একটি বর্ণনায় পাওয়া যায়, হাকিম ইবনে হিজাম নিজেও হুবাশার বাজারে নবীজি (সা.)-এর কাছ থেকে আল-জানাদের কাপড় কিনেছিলেন। (জুবাইর ইবনে বাক্কার, জামহারাতু নাসাবি কুরাইশ ওয়া আখবারিহা, ১/৩৭১)

আরব উপদ্বীপের ভৌগোলিক অঞ্চলগুলোর মধ্যে তিহামা অন্যতম। লোহিত সাগরের পূর্ব উপকূল ধরে বিস্তৃত এই অঞ্চল একদিকে জাবালু সারওয়াত পর্বতমালা, অন্যদিকে সমুদ্র উপকূলের মাঝখানে অবস্থিত। দক্ষিণে বাব আল-মানদাব থেকে উত্তরে আকাবা উপসাগর পর্যন্ত এর বিস্তৃতি।

তিহামার একটি অংশ ইয়েমেনের অন্তর্ভুক্ত, যা তিহামা আল-আসির নামে পরিচিত। অন্য অংশ হিজাজের অন্তর্ভুক্ত, যার নাম তিহামা আল-হিজাজ। ইয়ানবু ও জেদ্দা হিজাজের তিহামা অঞ্চলে অবস্থিত। অন্যদিকে হুদাইবিয়া মরুভূমি থেকে জাজান পর্যন্ত বিস্তৃত অঞ্চল তিহামা আল-আসিরের অংশ।

প্রাচীন ভৌগোলিক গ্রন্থে হুবাশার বাজারকে তিহামা আল-আসির অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। (ইয়াকুত আল-হামাভি, মুজামুল বুলদান, ২/২১৮)

মক্কা থেকে হুবাশার বাজারে যাওয়ার অন্যতম পথ ছিল তারিক আল-জানাদ। ইয়েমেনের জানাদ শহরের সঙ্গে সংযোগকারী এই প্রাচীন সড়ক দিয়ে দক্ষিণাঞ্চলের হাজিরা মক্কায় আসতেন। বিভিন্ন সময়ে এটি মাহাজ্জাতু হাদরামাউত আল-উলয়া, তারিক আল-কাদিম, আত-তারিক আল-সুলতানিয়া ও আত-তারিক আল-জাদা নামেও পরিচিত ছিল।

এই পথে মক্কা থেকে দক্ষিণে এগোলে ইয়ালামলাম, সাইয়া, আল-খাদরা, আল-লাইস, আল-সিরিন, দাওকা, কানুনা ও বারিকের মতো জনপদ পড়ত। বারিক ছিল এ পথের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। কানুনার উপকণ্ঠেই ছিল হুবাশার বাজার।

ঐতিহাসিকদের বিবরণ অনুযায়ী, হুবাশা ছিল বারিকের আবাসভূমিতে, কানুনা অঞ্চলের কাছাকাছি। সেখানে রাহমান, খাইতান, হাফইয়ান ও বায়ান—এই চারটি উপত্যকার মিলন ঘটেছিল। বর্তমান সৌদি আরবের আল-কুনফুদাহ জেলার কানুনা অঞ্চলে এর অবস্থান চিহ্নিত করা হয়। মক্কা থেকে স্থানটির দূরত্ব আনুমানিক ৪০০ কিলোমিটার।

হাকিম ইবনে হিজামের বর্ণনায় হুবাশার বাজারকে মক্কা থেকে আল-জানাদের পথে আট মারহালা দূরে বলা হয়েছে। মারহালা বলতে সাধারণত এক দিনের বা এক রাতের পথ বোঝানো হতো। তবে দূরত্ব নির্ধারণে ঐতিহাসিক ও ফিকহবিদদের মধ্যে মতভেদ রয়েছে। হাম্বলি মত অনুযায়ী, এক মারহালার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। অন্য হিসাবে তা ২৬ থেকে ৩৫ কিলোমিটার।

অন্যদিকে ইবনে হাজার আল-আসকালানি হুবাশার বাজারকে মক্কা থেকে ছয় মারহালা দূরে কানুনার দিকে অবস্থিত বলে উল্লেখ করেছেন। ফলে প্রাচীন বর্ণনাগুলোতে দূরত্বের হিসাবে কিছু পার্থক্য দেখা যায়। (ইবনে সাদ, আত-তাবাকাত, ১/১২৩; ইবনে হাজার, ফাতহুল বারি, ৩/৫৯৭)


হুবাশা শব্দের অর্থ একত্র করা। নামটির সঙ্গে বাজারটির বৈশিষ্ট্যেরও মিল ছিল। আওসাম গোত্রের বসতিপূর্ণ এ এলাকায় পানির পর্যাপ্ত সরবরাহ ও খেজুরের প্রাচুর্য ছিল। এসব সুবিধা আরবের বিভিন্ন গোত্রের মানুষ ও ব্যবসায়ীদের সেখানে সমবেত করত। ব্যবসার পাশাপাশি হাজিরাও বাজারে আসতেন।

হুবাশার বাজার ছিল নানা ধরনের পণ্যের জন্য পরিচিত। স্বর্ণ, গ্রাফাইট ও সুরমা ছিল উল্লেখযোগ্য পণ্য। পাশাপাশি গম, খেজুর ও চামড়ার বড় আড়ত ছিল সেখানে। হাজার অঞ্চল থেকে আসত বিভিন্ন ধরনের মদ। আর ইয়েমেনের জানাদ থেকে আসত উন্নত মানের কাপড়।

বাজারটিতে দাস কেনাবেচাও হতো। ইতিহাসের একটি বর্ণনায় পাওয়া যায়, সাহাবি জায়েদ ইবনে হারিসাকে এই বাজার থেকেই কিনেছিলেন মক্কার হাকিম ইবনে হিজাম। পরে তিনি তাকে মহানবী (সা.)-এর কাছে উপহার দেন। (ইবনে আবদিল বার, আল-ইস্তিআব ফি মারিফাতিল আসহাব, ২/৫৪২-৫৪৪)

হুবাশার বাজারের সঙ্গে আরবের বিভিন্ন অঞ্চল ও বাণিজ্যপথের সংযোগ ছিল। হিজাজের উত্তরাঞ্চল থেকে আসা মানুষও এ বাজারে উপস্থিত হতেন। হোদাইবিয়ার সময় আবু সুফিয়ানও এ বাজারের একজন ব্যবসায়ী ছিলেন বলে ইবনে সাদের বর্ণনায় উল্লেখ রয়েছে। (আত-তাবাকাত, ৬/১৬)

হুবাশার বাজারে মহানবী (সা.)-এর বাণিজ্যের অন্যতম পণ্য ছিল ইয়েমেনের জানাদ অঞ্চলের কাপড়। খাদিজা (রা.)-এর ব্যবসায়িক কাফেলার সঙ্গে মাইসারাকে নিয়ে তিনি সেখানে যেতেন। বিভিন্ন পণ্য কেনাবেচা করে মক্কায় ফিরতেন। বাণিজ্যে ভালো লাভও হতো।

আবদুর রাজ্জাক আস-সানআনির বর্ণনায় নবীজি (সা.)-এর একটি বক্তব্য পাওয়া যায়। তিনি বলেন, খাদিজা (রা.) ছিলেন উত্তম নিয়োগকর্তা। তিনি ও তার সঙ্গী বাণিজ্য শেষে ফিরে এলে খাদিজা (রা.) তাদের জন্য খাবারদাবারের ব্যবস্থা করতেন এবং অতিরিক্ত উপহারও দিতেন।

একবার হুবাশার বাজার থেকে ফেরার পর নবীজি (সা.) তার সঙ্গীকে বলেন, ‘চলো, আমরা খাদিজার সঙ্গে কথা বলি।’ (আল-মুসান্নাফ, হাদিস : ৯৪৭২)

এই বর্ণনা থেকে খাদিজা (রা.)-এর সঙ্গে মহানবী (সা.)-এর ব্যবসায়িক সম্পর্কের পাশাপাশি তার কর্মীদের প্রতি আন্তরিকতার বিষয়টিও উঠে আসে। একই সঙ্গে নবীজির বাণিজ্যিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিচয় পাওয়া যায়।

দীর্ঘদিন ধরে জমজমাট থাকা হুবাশার বাজার একসময় বন্ধ হয়ে যায়। ইতিহাসবিদ আল-আজরাকির বর্ণনা অনুযায়ী, ১৯৭ হিজরিতে মক্কার আব্বাসীয় আমির ছিলেন দাউদ ইবনে ঈসা ইবনে মুসা। প্রতিবছরের মতো সেবারও তিনি বাজারের কার্যক্রম পরিচালনার জন্য একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করেন।

কিন্তু ওই বছর ইয়েমেনের আজদি বংশের এক ব্যক্তি বাজারের তত্ত্বাবধায়ককে হত্যা করেন। এ ঘটনার পর মক্কার ফকিহরা আমিরকে বাজারটি বন্ধ করে দেওয়ার পরামর্শ দেন। শেষ পর্যন্ত অন্যান্য প্রাচীন জাহেলি বাজারের মতো হুবাশার বাজারও স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। (আল-আজরাকি, আখবারু মক্কা, ১/২৮৩)

হুবাশার বাজারে বাণিজ্যের স্মৃতি শুধু নবীজির যৌবনকালেই সীমাবদ্ধ ছিল না। তার জীবনের শেষ সময়েও ইয়েমেনি কাপড়ের উপস্থিতি দেখা যায়।

আনাস ইবনে মালিক (রা.) বর্ণনা করেন, একবার মহানবী (সা.) উসামা ইবনে জায়েদ (রা.)-এর কাঁধে ভর দিয়ে বেরিয়ে আসেন। তখন তার পরনে ছিল ইয়েমেনি নকশা করা একটি কাপড়। এরপর তিনি উপস্থিত লোকদের নামাজের ইমামতি করেন। (মুসনাদে আহমাদ, হাদিস : ১৩৭৮৭)

মহানবী (সা.)-এর ইন্তেকালের পর কাফনেও ব্যবহৃত হয়েছিল ইয়েমেনি কাপড়। আয়েশা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.)-কে তিনটি ইয়েমেনি সাদা চাদরে কাফন পরানো হয়েছিল। (বুখারি, হাদিস : ১২৬৪)


এভাবেই হুবাশার বাজারের সঙ্গে মহানবী (সা.)-এর বাণিজ্যিক জীবনের একটি ঐতিহাসিক যোগসূত্র পাওয়া যায়। মক্কা থেকে কয়েক শ কিলোমিটার দূরের সেই প্রাচীন বাজার আজ আর নেই। কিন্তু হাদিস, ইতিহাস ও ভৌগোলিক বিবরণে সংরক্ষিত আছে সেখানে নবীজির যাতায়াত, বাণিজ্য এবং ইয়েমেনি কাপড়ের সঙ্গে তার সম্পর্কের স্মৃতি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ইতিহাস  মুহাম্মদ (সা.)  ইয়েমেন  সফর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: