প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:১৬ পিএম
ছবি : সংগৃহীতজান্নাত ও জাহান্নাম মানুষের ধারণার চেয়েও অনেক কাছাকাছি। একজন মুমিনের ছোট্ট কোনো ভালো কাজ তাকে জান্নাতের উচ্চ মর্যাদায় পৌঁছে দিতে পারে। আবার সামান্য কোনো পাপ বা অবহেলার কারণে সে জাহান্নামের শাস্তির মুখোমুখি হতে পারে। তাই জীবনের প্রতিটি কথা ও কাজে সতর্ক থাকা এবং আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া জরুরি।
মুহাম্মদ (সা.) এ বিষয়ে বলেছেন, ‘জান্নাত তোমাদের কারও জুতোর ফিতার চেয়েও বেশি কাছে এবং জাহান্নামও এমনই।’ (বুখারি)
এই হাদিসের মাধ্যমে রাসুলুল্লাহ (সা.) বুঝিয়েছেন, মানুষের ভালো ও মন্দ কাজের পরিণতি খুব কাছেই। অনেক সময় কোনো ছোট সৎকাজের গুরুত্ব মানুষ নিজেও বুঝতে পারে না। অথচ আল্লাহর সন্তুষ্টির জন্য করা সেই কাজই তার জান্নাত লাভের কারণ হতে পারে। অন্যদিকে, তুচ্ছ মনে করে করা কোনো পাপ আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়াতে পারে এবং মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারে।
হাদিসে এমন তিন শ্রেণির মানুষের কথা বলা হয়েছে, যারা সবার আগে জান্নাতে প্রবেশ করবেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) তাদের পরিচয় তুলে ধরেছেন।
প্রথম শ্রেণি হলেন আল্লাহর পথে শহিদ ব্যক্তিরা। যারা দ্বীনের পথে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।
দ্বিতীয় শ্রেণি হলো, হারাম থেকে বেঁচে থাকা ও আত্মনির্ভরশীল ব্যক্তিরা। যারা অবৈধ উপার্জন থেকে দূরে থাকেন এবং অন্যের কাছে হাত না পেতে নিজের পরিশ্রমে জীবিকা নির্বাহ করেন।
তৃতীয় শ্রেণি হলেন বিশ্বস্ত ও ইবাদতগুজার কর্মচারী বা অধীন ব্যক্তি। যারা আন্তরিকভাবে আল্লাহর ইবাদত করেন, নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেন এবং অর্পিত কাজে বিশ্বস্ত থাকেন।
এসব বর্ণনা থেকে স্পষ্ট হয়, জান্নাত লাভের জন্য শুধু বড় কোনো আমলের অপেক্ষায় থাকলে চলবে না। প্রতিদিনের ছোট ছোট ভালো কাজ, হালাল উপার্জন, দায়িত্বশীলতা এবং হারাম থেকে বেঁচে থাকার মধ্য দিয়েও আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। তাই প্রতিটি কাজের আগে তার পরিণতি সম্পর্কে ভাবা, পাপ থেকে দূরে থাকা এবং একনিষ্ঠভাবে নেক আমল করে যাওয়াই একজন মুমিনের কর্তব্য।
সময়ের আলো/এসএকে