সুন্নত পদ্ধতি খাদ্যগ্রহণে কল্যাণ

মুরসালিন আহমাদ

ইসলাম

জীবন ধারণের প্রধান উপকরণ হলো খাদ্য। বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্যগ্রহণ। কারণ আল্লাহ তায়ালা মানুষকে এ চাহিদা দিয়েই সৃষ্টি করেছেন।

2026-11-21T15:33:30+00:00
2026-11-21T15:33:30+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
ইসলাম
সুন্নত পদ্ধতি খাদ্যগ্রহণে কল্যাণ
মুরসালিন আহমাদ
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৩:৩৩ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
জীবন ধারণের প্রধান উপকরণ হলো খাদ্য। বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্যগ্রহণ। কারণ আল্লাহ তায়ালা মানুষকে এ চাহিদা দিয়েই সৃষ্টি করেছেন। এ চাহিদা মুসলিম-অমুসলিম সবাই পূরণ করে। সবাই খাবার খেয়ে থাকে। তবে অমুসলিমদের খাওয়া-দাওয়াকে আল্লাহ তায়ালা পশুপাখির খাবারের সঙ্গে তুলনা করেছেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘যারা অবিশ্বাসী, তারা উপভোগ করছে ও খাচ্ছে, যেমন গবাদি পশুরা খায়’ (সুরা মুহাম্মাদ : ১২)। 

কিন্তু মুসলমানের খাবার, ঘুম-বিশ্রাম, চাকরি— সবকিছুই ইবাদত। প্রশ্ন জাগতে পারে, এগুলো তো আমাদের দৈনন্দিনের কাজ এবং সেটাও নিজের চাহিদা মেটানোর জন্য করি। এগুলো ইবাদত হয় কীভাবে? হ্যাঁ, ইবাদত হবে যদি সে কাজগুলো সম্পাদিত হয় সুন্নত পদ্ধতিতে।

খাবারের শুরু থেকে শেষ পর্যন্ত একাধিক সুন্নত রয়েছে। শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত। আবু নুয়াইম (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ‌ (সা.)-এর কাছে একদা কিছু খাবার আনা হলো, তাঁর সঙ্গে ছিলেন পোষ্য ওমর ইবনে আবু সালামা। তিনি বললেন, বিসমিল্লাহ বল এবং নিজের কাছের দিক থেকে খাও (বুখারি : ৫৩৭৮)। আমরা মাঝেমধ্যে খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে যাই। কখনো মাঝে, কখনো একেবারে শেষে গিয়ে স্মরণ হয় যে, বিসমিল্লাহ পড়িনি। এ অবস্থায় করণীয় সম্পর্কে হজরত আয়শা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি খাওয়া শুরু করে তখন যেন সে ‘বিসমিল্লাহ’ বলে। সে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তবে যেন বলে, ‘বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু’, অর্থাৎ, খাবারের শুরু ও শেষ আল্লাহর নামেই। (তিরমিজি : ১৮৫৮)

খাবারের একটি সুন্নত হলো— ডান হাতে খাওয়া। বর্তমানে রেস্টুরেন্ট, দামি হোটেল বা বিভিন্ন ভোজ উৎসবে দেখা যায়, অনেকে আধুনিকতার নামে চামচ দিয়ে বা বাম হাতে খাবার খেয়ে থাকে, যা সুন্নত পরিপন্থী। কারণ রাসুল (সা.) সবসময় ডান হাতে খাবার খেতেন। কখনো বাম হাতে খাবার খেতেন না। হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, বাম হাতে যেন তোমাদের কেউ না খায় এবং পান না করে। কেননা বাম হাতে শয়তান পানাহার করে (তিরমিজি : ১৭৯৯)।

অন্যত্র  বলেছেন, তোমাদের প্রত্যেকে যেন খাওয়ার সময় ডান হাতে খায় এবং ডান হাতে পান করে। কারণ বাম হাতে শয়তান পানাহার করে (তিরমিজি : ১৮০০)। দুটো হাদিসে একই নির্দেশ প্রদান করা হয়েছে। এখান থেকে বিষয়টির গুরুত্ব অনুধাবন করা যায়। অনেকের মধ্যে একটি বদ-অভ্যাস খুব দেখা যায়। সেটা হলো খাবারের দোষ বর্ণনা করা। অথচ রাসুল (সা.) কখনো খাবারের দোষ বর্ণনা করতেন না। রুচিসম্মত হলে খেতেন আর রুচিসম্মত না হলে খেতেন না। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) কখনো খাদ্যসামগ্রীর ত্রুটি ধরতেন না। পছন্দ হলে তিনি আহার করতেন, অন্যথায় রেখে দিতেন। (ইবনে মাজা : ৩২৫৯)

পড়ে যাওয়া লোকমা তুলে খাওয়া সুন্নত। মাঝেমধ্যে থালা বা পাত্র থেকে খাবার নিচে পড়ে যায়। সে ক্ষেত্রে উত্তম হলো— তা তুলে, ময়লা পরিষ্কার করে খেয়ে ফেলা। সম্ভব না হলে কোনো প্রাণীকে দিয়ে দেবে। আরেকটি সুন্নত হলো— খাবারের পাত্র চেটেপুটে খাওয়া এবং পাত্রে খাবার অবশিষ্ট না রাখা। হজরত আনাস ইবনে মালিক (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) খাবার শেষ করে আঙুল চাটতেন এবং বলতেন, তোমাদের কারও লোকমা পরে গেলে সে যেন তার ময়লা দূর করে তা খেয়ে নেয় এবং শয়তানের জন্য ফেলে না রাখে। তিনি আমাদের থালা পরিষ্কার করে খেতে আদেশ দিয়েছেন। তিনি আরও বলেছেন, তোমাদের কেউই জানে না খাদ্যের কোন অংশে তার জন্য বরকত রয়েছে। (তিরমিজি : ১৮০৩)


খাবারের আরও একটি সুন্নত হলো— পাত্রের একপাশ থেকে খাওয়া। মাঝখান থেকে না খাওয়া। তবে অনেকে অজ্ঞতাবশত  পাত্রের মাঝখান থেকে খেতে শুরু করে। এতে খাবারের বরকত নষ্ট হয়। কারণ এক হাদিসে রাসুল (সা.) বলেছেন, খাবারের মাঝখানে বরকত নাজিল করা হয়। ইবনে আব্বাস (রা.) বলেন, নবীজি (সা.) বলেছেন খাদ্যের মাঝখানে বরকত নাজিল হয়। অতএব তোমরা এর চারপাশ থেকে খাওয়া আরম্ভ করো, মাঝখান থেকে খেয়ো না (তিরমিজি : ১৮০৫)। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত হলো— খাবারের সময় কোনো কিছুতে হেলান দেওয়া বা টেক না লাগানো। এটা সুন্নত পরিপন্থী ও বর্জনীয়। কারণ এটি অহংকারের আলামত। রাসুল (সা.) নিজে কখনো হেলান দিয়ে খাবার খাননি। আবু জুহাইফাহ (রা.) বলেন, নবীজি (সা.) বলেছেন, আমি হেলান দিয়ে খাদ্য গ্রহণ করি না। (বুখারি : ৫৩৯৮)

রাসুল (সা.) যেমন ছিলেন মানুষের রুহের চিকিৎসক, তেমনি ছিলেন শারীরিক রোগেরও চিকিৎসক। হেলান দিয়ে খাবার খেলে বহু ক্ষতির সম্মুখীন হতে হয়। 
এ জন্যই মূলত রাসুল (সা.) হেলান দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন। এর ক্ষতির দিক হলো— ১. সঠিকভাবে খাবার চিবানো যায় না, ফলে যে পরিমাণ লালা খাদ্যের সঙ্গে মিশ্রিত হওয়ার কথা, তা হয় না, যার কারণে পাকস্থলীতে খাবার সহজে হজম হয় না। এতে হজম প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। ২. হেলান দিয়ে বসলে পাকস্থলী প্রশস্ত হয়ে যায়। তাই অপ্রয়োজনীয় খাবার পেটে গিয়ে হজম প্রক্রিয়াতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। ৩. হেলান দিয়ে খাবারের ফলে অন্ত্র এবং যকৃতের কার্যক্রম ব্যাহত হয়। 

এ কথা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত। (সুন্নাতে রাসুল ও আধুনিক বিজ্ঞান, ডা. মুহাম্মাদ তারেক মাহমুদ) খাবার মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত। এ নিয়ামত পেয়ে অবশ্যই নিয়ামতদাতার কৃতজ্ঞতা স্বীকার করা কর্তব্য। সে জন্য খাবার শেষে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, অর্থাৎ আলহামদুলিল্লাহ বলা সুন্নত। এতে আল্লাহ তায়ালা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। হজরত আনাস ইবনে মালিক (রা.) বলেন, নবীজি (সা.) বলেছেন কোনো কিছু খেয়ে অথবা কিছু পান করে বান্দাহ আল্লাহ তায়ালার প্রশংসা করলে অবশ্যই তিনি তার ওপর সন্তুষ্ট হন (তিরমিজি : ১৮১৬)। আল্লাহ তায়ালা আমাদের জীবনের প্রতিটি কাজকর্মে নববী আদর্শের ওপর চলার তওফিক দান করুন।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   সুন্নত  কল্যাণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: