দাম্পত্যসঙ্গী নির্বাচনে ইসলামের শিক্ষা

তোয়াহা হুসাইন

ইসলাম

কুরআনের বর্ণনা অনুযায়ী মানুষকে সৃষ্টি করা হয়েছে জোড়ায় জোড়ায়। তবে এই জোড়া মিলিয়ে নেওয়ার দায়িত্ব মানুষের। নর-নারীর মধ্যে এই জোড়

2026-11-22T12:22:01+00:00
2026-11-22T12:22:01+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ইসলাম
দাম্পত্যসঙ্গী নির্বাচনে ইসলামের শিক্ষা
তোয়াহা হুসাইন
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:২২ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
কুরআনের বর্ণনা অনুযায়ী মানুষকে সৃষ্টি করা হয়েছে জোড়ায় জোড়ায়। তবে এই জোড়া মিলিয়ে নেওয়ার দায়িত্ব মানুষের। নর-নারীর মধ্যে এই জোড় বাঁধার উপায় হিসেবে আল্লাহ দিয়েছেন বিয়ের বিধান। বিয়ের জন্য দরকার পড়ে সঠিক পাত্র-পাত্রী নির্বাচন। এ ব্যাপারে ইসলাম সবিশেষ গুরুত্ব দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) এ বিষয়টি পরিষ্কার ভাষায় জানিয়েছেন। তিনি আত্মীয়তা স্থাপনের ক্ষেত্রে ধার্মিকতা ও চারিত্রিক বিষয়টিকে অধিক গুরুত্ব দিতে বলেছেন। তিনি বলেন, ‘যখন তোমাদের কাছে আত্মীয়তার প্রস্তাব আসে আর তাদের চারিত্রিক এবং ধর্মীয় বিষয়টি সম্ভষজনক হয় তা হলে সে প্রস্তাব গ্রহণ করবে। যদি তা না করো তা হলে ফেতনার সৃষ্টি হবে’ (তিরমিজি : ১/২০৭)। অন্য আরেকটি বর্ণনায় আছে, ‘চার কারণে কোনো মেয়েকে বিয়ে করা যায়। সম্পদ, বংশ-খান্দান, রূপ ও ধার্মিকতা। তার মধ্যে ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে দাম্পত্য জীবনকে সফল করে তোল।’ (তিরমিজি : ১/২০৭)

বিয়ের ক্ষেত্রে নারীর রূপ-সৌন্দর্য এবং স্বভাব মোতাবিক অন্য কোনো গুণকেও পাত্রী নির্বাচনের মাপকাঠি হিসেবে গ্রহণ করা যেতে পারে। এদিকে ইংগিত করে কুরআনে ইরশাদ হয়েছে, ‘যেসব নারী তোমাদের পছন্দ হয় তাদের বিয়ে করো’। তবে ভালো হয়, ছেলে এবং মেয়ের দ্বীনদারি ও চারিত্রিক বিষয়টাকেই মাপকাঠি হিসেবে গ্রহণ করলে। আল্লামা কাসানি (রহ.) লিখেছেন, ‘আমাদের দৃষ্টিতে শুধু দ্বীনদারিকে মাপকাঠি হিসেবে গ্রহণ করাটাই উত্তম।’ (বাদায়েউস সানায়ে : ২/৩১৭)। তবে রাসুলুল্লাহ (সা.) থেকে বর্ণিত কোনো কোনো হাদিসে স্বামী-স্ত্রীর সমতার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। ফকিগণ স্বামী-স্ত্রীর সমতার ক্ষেত্রে ৯টি বিষয় বিবেচনায় রাখার কথা বলেছেন। যথা— বংশ-খান্দান, স্বাধীন ও দাস, খান্দানি মুসলমান ও নওমুসলিম, দ্বীনদারি ও তাকওয়া, সম্পদ ও অর্থনৈতিক অবস্থান, আভিজাত্য, পেশা, শারীরিক সুস্থতা এবং বিবেক বুদ্ধি। তবে প্রকৃত সত্য হলো, দ্বীনদারি এবং চারিত্রিক বিষয়টিই মূলত সবিশেষ লক্ষণীয়।


বংশ-খান্দানের বিচারে বাড়াবাড়ি করা ইসলামের সাম্য ও ভ্রাতৃত্ববোধ পরিপন্থী। রাসুলুল্লাহ (সা.) পরিষ্কার বলেছেন, ‘সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তোমাদের মূর্খকালের মন্দ স্বভাব ও তার অহংকার থেকে মুক্ত করেছেন। মানুষ হয়তো মুমিন মুত্তাকি হবে, অথবা হবে পাপী দুর্ভাগা’ (আবু দাউদ)। রাসুলুল্লাহ (সা.) এবং সাহাবায়ে কেরাম (রা.) তাঁদের নিজ নিজ আমল দ্বারা এ ক্ষেত্রে সুন্দর উপমা স্থাপন করেছেন। রাসুলুল্লাহ (সা.) তার চাচাতো বোন জায়নাব (রা.)-কে নিজের গোলাম যায়েদ ইবনে হারিসা (রা.)-এর কাছে বিয়ে দিয়েছেন (বাইহাকি : ১/১৩৪)। এই জায়েদ (রা.)-এর ছেলে উসামা (রা.)-এর কাছে বিয়ে দিয়েছেন কুরাইশি কন্যা ফাতিমা বিনতে কায়েস (রা.)-কে। জাবাআহ বিনতে জুহাইর ইবনে আবদুল মুত্তালিবকে বিয়ে দিয়েছেন মিকদাদ ইবনে আসওয়াদ (রা.)-এর কাছে। অতঃপর ইরশাদ করেছেন, ‘(আমি মিকদাদ ও জায়েদের বিয়ে এ কারণে এভাবে দিলাম) যেন তোমাদের মধ্যে চরিত্রে যারা উত্তম তারাই আল্লাহর কাছে মর্যাদায় শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়।’ (বাইহাকি : ৭/১৩৫)/

রাসুলুল্লাহ (সা.) এবং সাহাবায়ে কেরামের আলোকময় জীবনে এ জাতীয় উপমা প্রচুর। তাই বিয়ে-শাদিতে লক্ষণীয় বিষয় হওয়া উচিত, আবাস-নিবাস, অর্থ-সম্পদ, দ্বীনদারি এবং আখলাক চরিত্র। তবে মানুষের স্বভাবগত বৈচিত্র্যের বিবেচনায় খান্দান পেশা অর্থনৈতিক অবস্থান এবং ইসলাম গ্রহণে আগ পরের বিষয়গুলোও বিবেচনায় রাখার অনুমতি দেওয়া হয়েছে।
 
সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   দাম্পত্যসঙ্গী  নির্বাচন  ইসলামের শিক্ষা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: