যে ৩ কারণে দোয়া কবুলে দেরি হতে পারে

ইসলামরে আলো ডেস্ক

ইসলাম

মানুষের জীবনে এমন সময় আসে, যখন কোনো প্রয়োজন পূরণ কিংবা বিপদ থেকে মুক্তির আশায় সে বারবার আল্লাহর কাছে দোয়া করে।

2026-11-23T21:19:10+00:00
2026-11-23T21:19:10+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ইসলাম
যে ৩ কারণে দোয়া কবুলে দেরি হতে পারে
ইসলামরে আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯:১৯ পিএম 
ছবি : সংগৃহীত
মানুষের জীবনে এমন সময় আসে, যখন কোনো প্রয়োজন পূরণ কিংবা বিপদ থেকে মুক্তির আশায় সে বারবার আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু দিনের পর দিন, কখনো মাসের পর মাস প্রার্থনা করেও প্রত্যাশিত ফল না পেলে মনে প্রশ্ন জাগে—দোয়া কি কবুল হচ্ছে না? এতবার চাওয়ার পরও কেন কাঙ্ক্ষিত বিষয়টি পাওয়া যাচ্ছে না?

ইসলামে দোয়া শুধু প্রয়োজন পূরণের আবেদন নয়, বরং আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের অন্যতম প্রকাশ। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘আমি তো নিকটেই। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দিই।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৬)

তবে দোয়া করার ক্ষেত্রে কিছু আদব ও শর্ত রয়েছে। কোরআন ও হাদিসে এমন কয়েকটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই দোয়া করার পাশাপাশি এসব বিষয়েও সতর্ক থাকা জরুরি।

১. হারাম উপার্জন ও হারাম খাদ্য গ্রহণ

দোয়া কবুলের ক্ষেত্রে হালাল উপার্জন ও পবিত্র খাদ্যের বিশেষ গুরুত্ব রয়েছে। মানুষের উপার্জন, খাদ্য ও জীবনযাপনে হারামের প্রভাব তার ইবাদতের ওপরও পড়তে পারে। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) একটি হাদিসে সতর্ক করেছেন।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না। এরপর তিনি এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেন, যিনি দীর্ঘ সফরে ক্লান্ত ও ধূলিমলিন অবস্থায় দুই হাত তুলে ‘হে আমার রব, হে আমার রব’ বলে দোয়া করেন। অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং তার শরীর গড়ে উঠেছে হারাম উপার্জনে। রাসুলুল্লাহ (সা.) প্রশ্ন করেন, ‘এমন ব্যক্তির দোয়া কীভাবে কবুল হবে?’ (মুসলিম, হাদিস : ১০১৫)

এই হাদিসে দোয়া কবুলের ক্ষেত্রে হালাল উপার্জন ও পবিত্র খাদ্যের গুরুত্ব তুলে ধরা হয়েছে। তাই দোয়া করার পাশাপাশি নিজের উপার্জন, খাদ্য ও জীবনযাপনের বৈধতার বিষয়েও সচেতন থাকা প্রয়োজন।

২. গোনাহের কাজ ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করা

দোয়ার বিষয়বস্তু হতে হবে বৈধ ও কল্যাণকর। কোনো ব্যক্তি গোনাহের কাজ কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার উদ্দেশ্যে দোয়া করলে তা কবুল হয় না।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বান্দার দোয়া কবুল হতে থাকে, যতক্ষণ না সে গোনাহের জন্য অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে।’ (মুসলিম, হাদিম : ২৭৩৫)


এ হাদিস থেকে বোঝা যায়, নিজের চাওয়া পূরণের আকাঙ্ক্ষা থাকলেও তা যেন অন্যের ক্ষতি, অন্যায় কিংবা আত্মীয়তার বন্ধন নষ্ট করার কারণ না হয়। তাই রাগ, ক্ষোভ বা প্রতিশোধের বশবর্তী হয়ে অন্যায় কোনো কিছুর জন্য দোয়া করা থেকে বিরত থাকা উচিত।

৩. দোয়া কবুলে তাড়াহুড়া ও হতাশ হয়ে দোয়া ছেড়ে দেওয়া

দোয়া করার পর প্রত্যাশিত ফল দ্রুত না পেলে অনেকে হতাশ হয়ে পড়েন। কেউ কেউ বলতে থাকেন, এতবার দোয়া করেও কোনো ফল পেলাম না। একপর্যায়ে দোয়া করাও ছেড়ে দেন। অথচ রাসুলুল্লাহ (সা.) এ ধরনের তাড়াহুড়া থেকে সতর্ক করেছেন।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হতে থাকে, যতক্ষণ না সে তাড়াহুড়া করে।’ সাহাবিরা জানতে চাইলেন, তাড়াহুড়া বলতে কী বোঝায়? তিনি বলেন, ‘সে বলতে থাকে, আমি দোয়া করলাম, কিন্তু আমার দোয়া কবুল হলো না।’ (বোখারি, হাদিস : ৬৩৪০)

সহিহ মুসলিমের বর্ণনায় এ বিষয়ে আরও ব্যাখ্যা এসেছে। সেখানে বলা হয়েছে, তাড়াহুড়ার কারণে মানুষ হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয়। তাই দোয়ার ফল পেতে বিলম্ব হলে হতাশ না হয়ে ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইতে থাকা উচিত। (মুসলিম, হাদিস : ২৭৩৫)

দোয়া কবুল মানেই কি চাওয়া পূরণ হওয়া?

দোয়া কবুল হওয়ার অর্থ সব সময় এমন নয় যে, বান্দা যা চেয়েছেন, ঠিক সেটিই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। কখনো আল্লাহ বান্দার চাওয়া পূরণ করেন, কখনো তার বিনিময়ে কোনো বিপদ দূর করে দেন। আবার কোনো দোয়ার প্রতিদান আখিরাতের জন্যও জমা রাখা হতে পারে।

উবাদা ইবনুস সামিত (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাকে তা দান করেন অথবা তার সমপরিমাণ কোনো অনিষ্ট তার কাছ থেকে সরিয়ে দেন, যতক্ষণ না সে গোনাহের কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে।’ (তিরমিজি, হাদিস : ৩৫৭৩)

তাই দোয়ার ফল পেতে দেরি হলে তা কবুল হচ্ছে না—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। বরং নিজের উপার্জন ও আমল পর্যালোচনা করা, গোনাহ থেকে ফিরে আসা এবং ধৈর্যের সঙ্গে আল্লাহর কাছে দোয়া চালিয়ে যাওয়া উচিত। কারণ, বান্দার কোনো দোয়া বা প্রার্থনাই আল্লাহর অগোচরে থাকে না।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   দোয়া  কবুল  ইসলাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: