সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডগুলোতে তদারকির অভাব ও গাফিলতির কারণেই বারবার প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন জাহাজভাঙা সেফটি কমিটি। চট্টগ্রামে বিস্ফোরক অধিদফতরের কার্যালয় ঘেরাও করে এক বিক্ষোভ সমাবেশে অভিযোগ করেন তারা।
সোমবার (২৪ আগস্ট) সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্পে প্রতিনিয়ত প্রাণহানি রোধ, ইয়ার্ডগুলোতে নিরাপদ কর্মপরিবেশ তৈরি এবং শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবিতে কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে একটি স্মারকলিপিও প্রদান করেন তারা।
সমাবেশে উপস্থিত শ্রমিক নেতারা অভিযোগ করেন, ইয়ার্ডগুলোতে তদারকির অভাব ও গাফিলতির কারণেই সীতাকুণ্ডে বারবার প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। বক্তারা বলেন, সীতাকুণ্ডের সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনার দায়ে কেবল ইয়ার্ড মালিকদেরই নয়, দায়িত্ব পালনে অবহেলা করা বিস্ফোরক অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদেরও আইনি জবাবদিহিতা ও শাস্তির আওতায় আনতে হবে।
সেফটি কমিটির প্রতিনিধি মিন্টুর সভাপতিত্বে এবং এম আলীর সঞ্চালনায় এ কর্মসূচিতে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি বাবু তপন দত্ত, বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও স্কপ চট্টগ্রামের যুগ্ম সমন্বয়ক সৈয়দ রবিউল হক শিমুল, বিএলএফ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আবু আহমেদ মিঞা এবং বিএফ টিইউসির সাধারণ সম্পাদক কে এম শহীদুল্লাহ সহ শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা স্পষ্ট জানান, শ্রমিকদের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস করা চলবে না। আন্তর্জাতিক হংকং কনভেনশনের মানদণ্ড বজায় রেখে প্রতিটি ইয়ার্ডে শতভাগ নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকদের সঠিক বেতন-ভাতা নিশ্চিত করে তবেই কারখানা পরিচালনার অনুমতি দেওয়ার জোর দাবি জানান তারা।
সময়ের আলো/এনএন/আতা