ইনফান্তিনোকে ঘিরে বিভক্ত ফুটবল বিশ্ব

ক্রীড়া ডেস্ক

খেলা

সমালোচনা আর বিতর্ক যেন থামছেই না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির

2026-08-26T03:05:46+00:00
2026-08-26T03:05:46+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
খেলা
ইনফান্তিনোকে ঘিরে বিভক্ত ফুটবল বিশ্ব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:০৫ এএম 
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সংগৃহীত ছবি
সমালোচনা আর বিতর্ক যেন থামছেই না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন নতুন মাত্রা পেয়েছে। বিভিন্ন কনফেডারেশন ও ফুটবল প্রশাসকদের পর এবার বর্তমান ও সাবেক ফুটবলারদের একাংশও ফিফার নেতৃত্বে পরিবর্তনের দাবি তুলেছেন। তবে ইনফান্তিনোর পাশে দাঁড়িয়ে এই সমালোচনাকে নির্বাচনের আগের রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন ক্যামেরুন কিংবদন্তি স্যামুয়েল ইতো।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অনেক হয়েছে, এবার থামুন’ বার্তা দিয়ে ফিফার বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে সরব হন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মিকায়েল সিলভেস্ত্রে। ফিফার ‘প্লেয়ার্স ভয়েস প্যানেল’-এর সদস্য এই ফরাসি সাবেক ফুটবলারের প্রকাশিত যৌথ বিবৃতিতে ফুটবলের পরিচালন কাঠামোয় খেলোয়াড় ও সমর্থকদের সরাসরি অংশগ্রহণের দাবি জানানো হয়। পরে বিবৃতিটি শেয়ার করেন ইংল্যান্ডের ইউরোপীয় চ্যাম্পিয়ন লুসি ব্রোঞ্জ, ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার এমানুয়েল পেতিতসহ আরও কয়েকজন বর্তমান ও সাবেক তারকা। তাদের বক্তব্য, বর্তমান ফিফা নেতৃত্বের অধীনে বিশ্ব ফুটবল ধীরে ধীরে তার মূল মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, বড় সিদ্ধান্ত নেওয়ার সময় খেলোয়াড়দের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। একইভাবে ফুটবলের প্রাণ হিসেবে বিবেচিত সমর্থকদের কণ্ঠও উপেক্ষিত থাকছে। বর্তমান পরিস্থিতিতে তাই কাঠামোগত পরিবর্তন অপরিহার্য বলেই মনে করছেন তারা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার পাশাপাশি এএফসি ও কনকাকাফের বিভিন্ন মহলও ফিফার বর্তমান দিকনির্দেশনা নিয়ে প্রশ্ন তুলেছে। এমনকি ইনফান্তিনোর বিরুদ্ধে রাজনৈতিক চাপ আরও বাড়ানোর সম্ভাবনাও আলোচনায় রয়েছে। আগামী মার্চের ফিফা সভাপতি নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার ইঙ্গিত মিলছে।

তবে ইনফান্তিনো যে একেবারে সমর্থনহীন, তা নয়। তার পক্ষে শক্ত অবস্থান নিয়েছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন সিএএফ। এবার প্রকাশ্যে তার পাশে দাঁড়িয়েছেন ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি স্যামুয়েল ইতোও। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ইতো বলেন, ইনফান্তিনোর বিরুদ্ধে চলমান সমালোচনার পেছনে নির্বাচনের সময়টিও বড় ভূমিকা রাখছে। তার মতে, সামনে নির্বাচন বলেই পরিকল্পনাটিকে কেন্দ্র করে ফিফা সভাপতিকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা চলছে।


আফ্রিকান ফুটবলের উন্নয়নেও ইনফান্তিনোর ভূমিকার প্রশংসা করেন ইতো। তার মতে, ফিফা সভাপতির বিভিন্ন উদ্যোগে আফ্রিকার ফুটবল ফেডারেশনগুলো আগের তুলনায় দ্রুত উন্নতির সুযোগ পেয়েছে। তাই আফ্রিকার দেশগুলোর ইনফান্তিনোর পাশে থাকা উচিত বলেও মত তার। 

একদিকে খেলোয়াড়দের নেতৃত্বে ‘পরিবর্তনের’ দাবি, অন্যদিকে আফ্রিকান ফুটবল প্রশাসকদের শক্ত সমর্থন। দুই বিপরীত অবস্থানে এখন আরও জটিল হয়ে উঠেছে ইনফান্তিনোকে ঘিরে পরিস্থিতি। বাণিজ্যিক পরিকল্পনা বাতিল করেও বিতর্ক থামাতে পারেননি তিনি। আগামী মার্চের নির্বাচন যত এগিয়ে আসবে, বিশ্ব ফুটবলে ইনফান্তিনোর পক্ষে ও বিপক্ষে এই লড়াই আরও তীব্র হওয়ারই সম্ভাবনা।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   ইনফান্তিনো  বিভক্ত  ফুটবল বিশ্ব 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: