নেপালের রাসুয়া জেলার হাক্কু-২১৬ এলাকায় কাদামাটি ও পানিতে ভরে যাওয়া টানেলে ৩০০ থেকে ৪০০ শ্রমিক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ পরিস্থিতির কারণে উদ্ধারকারীরাও টানেলের ভেতরে প্রবেশ করতে পারছেন না।
শনিবার (২৯ আগস্ট) নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন (এনএমএ) এ তথ্য জানিয়েছে।
সংগঠনটি জানায়, উদ্ধারকাজের পরিস্থিতি পর্যবেক্ষণ ও আটকে পড়াদের কাছে পৌঁছাতে উদ্ধারপ্রধান বিক্রম কার্কির নেতৃত্বে একটি দল টানেল ১, ২ ও ৩ এলাকায় পাঠানো হয়। তবে টানেলের ভেতরে প্রচণ্ড কাদা ও পানি জমে থাকায় এবং পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় দলটি সামনে এগোতে পারেনি।
এনএমএ জানিয়েছে, মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, টানেলগুলোতে আনুমানিক ৩০০ থেকে ৪০০ শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন। তাঁদের কয়েকজনের সঙ্গে প্রায় তিন দিন ধরে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে দ্রুত বিশেষায়িত উদ্ধার অভিযান চালানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি। এ জন্য উচ্চক্ষমতাসম্পন্ন পানিনিষ্কাশন পাম্প, কাদা ও ধ্বংসাবশেষ সরানোর ভারী যন্ত্রপাতি এবং আধুনিক অনুসন্ধান ও শনাক্তকরণ সরঞ্জাম প্রয়োজন বলে জানিয়েছে তারা।
এ ছাড়া দড়ি ও সীমিত জায়গায় উদ্ধারকাজের বিশেষ সরঞ্জাম, শ্বাস-প্রশ্বাসের যন্ত্র এবং জীবন রক্ষাকারী ব্যবস্থা জরুরি বলে জানিয়েছে এনএমএ। চিকিৎসা ও জরুরি সাড়া দেওয়ার দল এবং পর্বতারোহণ, ক্যানিয়নিং, গুহা উদ্ধার ও কারিগরি উদ্ধারকাজে অভিজ্ঞ বিশেষজ্ঞদেরও দ্রুত মোতায়েনের আহ্বান জানানো হয়েছে।
এনএমএর মহাসচিব রাজেন্দ্র বাহাদুর লামা বলেন, সরকারি কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থা এবং দেশি-বিদেশি বিশেষায়িত উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় করে কারিগরি সহায়তা দিতে তাঁদের উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে।
সংগঠনটি বলেছে, পরিস্থিতিতে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের কাছে দ্রুত পৌঁছে তাঁদের জীবন রক্ষায় সম্ভাব্য সব ধরনের সম্পদ ও জনবল অবিলম্বে কাজে লাগাতে হবে।
সময়ের আলো/কেএইচ