প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:১৭ পিএম
সংগৃহীত ছবিযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার চুক্তির পর প্রথমবারের মতো দেশটিতে ডিজেল পাঠাচ্ছে মস্কো। রাশিয়ার ডিজেলবোঝাই একটি ট্যাংকার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছে।
জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, গত ২২ অক্টোবর রাশিয়ার প্রিমোরস্ক বন্দর থেকে ৪০ হাজার টন ডিজেল নিয়ে জাহাজটি যাত্রা শুরু করে। আগামী ৭ নভেম্বর এটি যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে।
২০২২ সালে রাশিয়ার তেল ও জ্বালানিপণ্য আমদানিতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পর দেশটি থেকে এই প্রথম ডিজেল আমদানি হতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম কমানোর লক্ষ্যেই চলতি মাসে রাশিয়ার সঙ্গে চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমানো তার অন্যতম লক্ষ্য।
শুক্রবার রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, চুক্তির আওতায় প্রথম জ্বালানিবাহী ট্যাংকারটি ইতিমধ্যে যাত্রা করেছে। তবে জাহাজটি যুক্তরাষ্ট্রে যাচ্ছে কি না, তা তিনি নিশ্চিত করেননি।
জাহাজটির ক্রেতা ও বিক্রেতার পরিচয় এখনো জানা যায়নি।
রাশিয়া আগে ইউরোপের বিভিন্ন দেশে ডিজেল রপ্তানি করলেও ইউক্রেন যুদ্ধের কারণে ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়ন রুশ জ্বালানিপণ্যে নিষেধাজ্ঞা দেয়। এরপর রাশিয়া মূলত তুরস্ক, ব্রাজিল ও আফ্রিকার বিভিন্ন দেশে ডিজেল রপ্তানি করে আসছে।
সময়ের আলো/ইউএমএইচ