প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪:৫৬ পিএম আপডেট: ২৩.১০.২০২৬ ৫:০৮ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংগৃহীত ছবি ইরানের বর্তমান সরকারকে উৎখাতের লক্ষ্যে দেশটির বিরুদ্ধে পদক্ষেপ জোরদার করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, তেহরানের পারমাণবিক হুমকি থেকে ইসরায়েলকে রক্ষার একমাত্র উপায় হলো ইরানের ক্ষমতাসীন সরকারকে সরিয়ে দেওয়া।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফারসি ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ইরানের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতানিয়াহু। একই সঙ্গে তাদের স্বাধীনতা ও অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
পোস্টে নেতানিয়াহু বলেন, ‘আমি ইরানের জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষায় কাজ করে যাব। প্রেসিডেন্ট ট্রাম্প ও আমি একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।’
ইসরায়েলের সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা মোসাদ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাকে ইরানে সরকার পরিবর্তনের লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। তার বক্তব্যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে তুলে ধরা হয়েছে।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে নেতানিয়াহুর এই বক্তব্য সামনে এলো। নির্বাচনের আগে জনমত জরিপগুলোতে তার দল লিকুদ পার্টি ও ডানপন্থী জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জনের কাছাকাছি অবস্থানে রয়েছে।
তবে ইরানে সামরিক হামলা চালিয়েই দেশটির সরকার উৎখাত করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকেরা। এর আগে বিভিন্ন হামলায় ইরানের ক্ষয়ক্ষতি হলেও দেশটির ক্ষমতাসীন সরকারকে উৎখাত করা সম্ভব হয়নি।
নির্বাচনের আগে নেতানিয়াহুর এই বক্তব্য ইরানকে ঘিরে ইসরায়েলের নিরাপত্তা কৌশল এবং দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি করেছে।
সময়ের আলো/ইউএমএইচ