প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৯:৩৮ পিএম
জর্ডানের কারাক প্রদেশে রাস্তার পাশ থেকে তিন বন্দুকধারীকে গির্জা লক্ষ্য করে গুলি চালাতে দেখা গেছে সিসিটিভি ফুটেজে। ছবি : ইন্ডিয়া টুডে জর্ডানের কারাক প্রদেশে একটি গির্জায় শেষকৃত্যের অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। শুক্রবার (২৩ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে।
দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হামলার পর সন্দেহভাজনদের ধরতে অভিযান শুরু হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন আল-মামলাকার প্রতিবেদনে বলা হয়েছে, একটি গাড়ি থেকে নেমে বন্দুকধারীরা কারাকের হামুদ গির্জায় শেষকৃত্যের অনুষ্ঠানে গুলি চালায়।
প্রকাশিত সিসিটিভি ফুটেজে তিনজন বন্দুকধারীকে গির্জার পাশে দাঁড়িয়ে গুলি চালাতে দেখা গেছে। পরে তারা গাছ ও নিচু দেয়ালের আড়ালে আশ্রয় নেয় এবং গির্জার প্রবেশপথের দিকে এগিয়ে যায়।
হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। কারা এ হামলা চালিয়েছে, তাও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এ হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গুলির মাধ্যমে জর্ডানের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা সফল হবে না বলেও জানান তিনি।
জর্ডানে এ ধরনের হামলা খুবই বিরল। দেশটির জনসংখ্যার একটি ছোট অংশ খ্রিষ্টান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা জর্ডানের বিভিন্ন ধর্মীয় ঐতিহাসিক স্থান দেখতে আসেন।
সূত্র : ইন্ডিয়া টুডে