নতুন মৌসুমের শুরুতেই বার্সেলোনার নেতৃত্বের কাঠামোতে এসেছে পরিবর্তন। ২০২৬–২৭ মৌসুমের জন্য স্কোয়াড থেকে পাঁচ ফুটবলারকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন কোচ হ্যান্সি ফ্লিক। তালিকায় সবচেয়ে বড় চমক ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, রাফিনহা ও পেদ্রিকে স্থায়ীভাবে প্রথম ও দ্বিতীয় অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন ফ্লিক। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহাকে বিশেষভাবে নিজের আস্থাভাজন খেলোয়াড় হিসেবে দেখেন বার্সা কোচ।
হুয়ান গাম্পার ট্রফির আগে ফ্লিক ব্যক্তিগতভাবে রাফিনহা, পেদ্রি ও এরিক গার্সিয়াকে নেতৃত্বের জন্য বেছে নিয়েছিলেন। এরপর ভোটাভুটির মাধ্যমে আরও তিনজনকে অধিনায়কের তালিকায় যুক্ত করা হয়। সেখানে এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও ইয়ামাল জায়গা করে নেন।
এরিক গার্সিয়ার ক্ষেত্রে শৃঙ্খলা, নিষ্ঠা এবং দলের ওপর তার প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে। গত দুই মৌসুমে ফ্লিকের অধীনে তার নেতৃত্বের গুণও আরও বিকশিত হয়েছে। ক্লাবের পরিচালনা পর্ষদের অনেকের কাছেও তিনি অধিনায়ক হওয়ার যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত ছিলেন।
ডি ইয়ংয়ের অন্তর্ভুক্তিও খুব একটা বিস্ময়ের নয়। এর আগেও বার্সার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন নেদারল্যান্ডসের এই মিডফিল্ডার। ড্রেসিংরুমে সতীর্থদের কাছেও তার গ্রহণযোগ্যতা রয়েছে। আন্দ্রে টের স্টেগানের বিদায়ের পর দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়ও তিনি।
তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ইয়ামালের নাম। মাত্র ১৯ বছর বয়সেই বার্সেলোনার পাঁচ অধিনায়কের একজন হয়েছেন স্প্যানিশ এই ফরোয়ার্ড। বয়সে তরুণ হলেও মাঠে তার প্রভাব এবং দলের আক্রমণে নেতৃত্বস্থানীয় ভূমিকার কারণেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
লা লিগায় ইতোমধ্যে তিন ম্যাচ খেলেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলবে তারা। তার আগে সংবাদ সম্মেলনে দলের নতুন নেতৃত্ব কাঠামো নিয়ে বিস্তারিত বলতে পারেন ফ্লিক।
সময়ের আলো/টিকে