প্রধানমন্ত্রী তারেক রহমানের এক বক্তব্যের জবাব দিতে গিয়ে বিএনপিকে গুপ্ত হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠে বিরোধীদলের ডাকা লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে, শনিবার রাজধানীর খামারবাড়িতে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার আমলে দেখেছি একটি রাজনৈতিক দল গুপ্ত বেশ ধারণ করেছিল। তারা স্বৈরাচারের ভেতরে লুকিয়েছিল। পরবর্তীতে আমরা দেখছি তাদের নিজেদের লোকজনই বেরিয়ে এসে তা স্বীকার করেছে। এখন হয়তো তাদের ভেতরে স্বৈরাচারীরা লুকিয়ে থেকে এই অরাজকতা উসকে দিতে চাইছে।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাব দিতে গিয়ে শফিকুর রহমান বলেন, সরকার দলীয় লোকেরা সন্ত্রাস চুরি চামারিতে ঝাপিয়ে পড়েছে। যখন ধরা পড়ে তখন বলে আওয়ামী লীগের লোক। পরে দেখা যায় তারা সবাই বিএনপির লোক। যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম ও দুর্নীতি করে, সেই সবচেয়ে বড় গুপ্ত।
শফিকুর রহমান আরও বলেন, আমরা এই আন্দোলন বন্ধ হবে না। এই আন্দোলন জণগণের আন্দোলন। বীর চট্টগ্রাম থেকে আন্দোলন শুরু হলো। কাউকে বিদায় দেয়ার আন্দোলন শুরু করিনি। আগের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে। এই সরকার এই পথে হেঁটেছে। চট্টগ্রামে একজন মেয়র আছেন। তিনি মেয়াদোত্তীর্ণ মেয়র। আপনি নির্বাচনে আসেন। নির্বাচিত হয়ে আসেন।
তিনি বলেন, তারা ওয়াদা করেছিলেন নির্বাচিত প্রতিনিধিরা দেশ চালাবে। তাদের ৩১ দফার নির্বাচনী ইশতেহারে সেটা উল্লেখ ছিল। এখন দেশে জায়গায় জায়গায় প্রশাসক বসেছে। তারা কি নির্বাচিত প্রতিনিধি?
তিনি বলেন, আমাদের এই লং মার্চ সরকারকে সতর্ক করতে। এতগুলো লোক মানুষ মারা গেছে। এতগুলো লোক গুম হয়েছে। তারা নাকি শিশু সরকার। প্রাপ্ত বয়স্ক হয়ে আপনারা ওয়াদা করেছেন। এখন সব ভুলে গেছেন। এখন পর্যন্ত আঙুল সোজা। সামনে বাঁকা হবে।
তিনি বলেন, আমরা রাজপথে আসতে চাইনি। আপনারা আমাদের রাজপথে আসতে বাধ্য করেছেন। আপনারা প্রতারণা করেছেন জাতির সাথে। বিরোধীদল প্রতারণা করবে না। জনগণের ৭০ ভাগের রায় বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ। প্রস্তুত থাকুন বৃহত্তর আন্দোলনের ডাক আসবে। আমরা আস্থাশীল জনগণের বিজয় হবে। ফ্যাসিবাদ হেরে যাবে।
সময়ের আলো/আতা