মানবতার ইতিহাসে যুগে যুগে অসংখ্য মহামানবের আগমন ঘটেছে। তাদের কেউ জ্ঞান, কেউ নেতৃত্ব, কেউ সমাজসংস্কার ও মানবসেবায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, মহত্ত্ব ও বৈশিষ্ট্য সর্বদিক থেকেই অনন্য ও অতুলনীয়। তিনি শুধু একজন নবী ও রাসুল নন; তিনি বিশ্বজগতের জন্য রহমত, সর্বশেষ নবী, মানবজাতির শ্রেষ্ঠ পথপ্রদর্শক এবং কেয়ামত পর্যন্ত মানুষের জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর পবিত্র জীবন সত্য, ন্যায়, দয়া, ক্ষমা, মানবতা ও উত্তম চরিত্রের পূর্ণাঙ্গ দৃষ্টান্ত। পবিত্র কুরআন ও সহিহ হাদিসে তাঁর অসংখ্য মর্যাদা ও বিশেষ বৈশিষ্ট্যের বর্ণনা রয়েছে। সেসব অনন্য বৈশিষ্ট্যের মধ্য থেকে বিশেষভাবে উল্লেখযোগ্য দশটি বৈশিষ্ট্য সংক্ষেপে তুলে ধরা হলো।
নবীজি (সা.) বিশ্বজগতের জন্য রহমত
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্যগুলোর একটি হলো— তিনি বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। মহান আল্লাহ বলেন, ‘আমি আপনাকে বিশ্বজগতের জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি’ (সুরা আম্বিয়া : ১০৭)। তাঁর আগমন মানবজাতিকে অজ্ঞতা, কুসংস্কার, জুলুম ও নৈতিক অধঃপতনের অন্ধকার থেকে ঈমান, জ্ঞান, ন্যায় ও মানবিকতার আলোর পথে নিয়ে এসেছে। তাঁর শিক্ষা মানুষের পাশাপাশি জীবজন্তু, পরিবেশ ও পুরো সৃষ্টির প্রতি দয়া ও কল্যাণের নির্দেশনা দিয়েছে।
নবীজি (সা.) সর্বশেষ নবী
নবীজি (সা.)-এর অন্যতম মৌলিক বৈশিষ্ট্য হলো, তিনি আল্লাহর সর্বশেষ নবী। মহান আল্লাহ পবিত্র কুরআনে তাঁকে ‘খাতামুন নাবিয়্যিন’ বা সর্বশেষ নবী হিসেবে ঘোষণা করেছেন (সুরা আহজাব, আয়াত : ৪০)। নবীজি (সা.) নিজেও ঘোষণা করেছেন, তাঁর মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে (মুসলিম : ৫২৩)। সুতরাং খতমে নবুয়ত ইসলামের অন্যতম মৌলিক আকিদা। তাঁর পরে নতুন কোনো নবী আগমন করবেন না।
নবীজি (সা.) মানবজাতির রাসুল
পূর্ববর্তী অনেক নবী নির্দিষ্ট জাতি বা সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছেন। কিন্তু নবীজি (সা.)-এর রিসালাত কোনো নির্দিষ্ট জাতি, অঞ্চল বা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি পুরো মানবজাতির জন্য প্রেরিত হয়েছেন। মহান আল্লাহ বলেন, ‘আপনি বলুন, নিশ্চয়ই আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রাসুল হিসেবে প্রেরিত’ (সুরা আরাফ : ১৫৮)। নবীজি (সা.) বলেছেন, পূর্ববর্তী নবীগণ নিজ নিজ সম্প্রদায়ের কাছে প্রেরিত হতেন, আর তাঁকে সব মানুষের জন্য প্রেরণ করা হয়েছে (বুখারি : ৩৩৫)। তাই তাঁর শিক্ষা দেশ, জাতি, ভাষা ও বর্ণের সীমারেখা অতিক্রম করে পুরো মানবতার জন্য প্রযোজ্য।
জাওয়ামিউল কালিম
নবীজি (সা.)-এর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো— তাঁকে এমন সংক্ষিপ্ত অথচ ব্যাপক অর্থবোধক বাণী প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে, যা হাদিসের পরিভাষায় ‘জাওয়ামিউল কালিম’ নামে পরিচিত। তিনি বলেছেন, তাঁকে ব্যাপক অর্থবোধক সংক্ষিপ্ত বাণী প্রদান করা হয়েছে (বুখারি : ৩৩৫)। তাঁর অল্প কয়েকটি শব্দের মধ্যে জীবনের বিশাল দর্শন, নৈতিকতা, আধ্যাত্মিকতা ও সামাজিক নির্দেশনা নিহিত রয়েছে। তাঁর হাদিসগুলো আজও মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের পথনির্দেশক।
শাফায়াতের অধিকারী
কেয়ামতের দিন মানুষ যখন চরম বিপদ ও উদ্বেগের মধ্যে থাকবে, তখন তারা একজন সুপারিশকারী খুঁজবে। সেই মহাসংকটের সময়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ শাফায়াতের মর্যাদা প্রকাশ পাবে। নবীজি (সা.) বলেছেন, তাঁকে শাফায়াতের বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে (বুখারি : ৩৩৫)। এটি তাঁর বিশেষ মর্যাদা ও আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সম্মানের অন্যতম উজ্জ্বল নিদর্শন।
শত্রুর অন্তরে ভীতি সঞ্চার
নবীজি (সা.)-কে আল্লাহ তায়ালা বিশেষভাবে সাহায্য করেছেন। তিনি বলেছেন, এক মাসের পথের দূরত্ব থেকেও শত্রুর অন্তরে ভীতি সঞ্চারের মাধ্যমে তাঁকে সাহায্য করা হয়েছে (বুখারি : ৩৩৫)। এটি ছিল নবীজি (সা.)-এর জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ। তাঁর দাওয়াত ও ইসলামের সত্যতা প্রতিষ্ঠায় আল্লাহ তায়ালার এই বিশেষ সাহায্য ইতিহাসে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
পুরো পৃথিবী মসজিদ
নবীজি (সা.)-এর উম্মতের জন্য বিশেষ একটি সুবিধা হলো— পুরো পৃথিবীকে সালাত আদায়ের উপযোগী করা হয়েছে এবং পবিত্রতা অর্জনের ব্যবস্থা সহজ করা হয়েছে। তিনি বলেছেন, তাঁর জন্য পৃথিবীকে মসজিদ ও পবিত্রতার উপযোগী করা হয়েছে (বুখারি : ৩৩৫)। এটি ইসলামের ইবাদত ব্যবস্থার ব্যাপকতা ও সহজতার অন্যতম দৃষ্টান্ত।
গনিমতের সম্পদ বৈধ
নবীজি (সা.)-এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে এটিও রয়েছে যে তাঁর জন্য গনিমতের সম্পদ বৈধ করা হয়েছে। তিনি অন্যান্য নবীর তুলনায় তাঁকে প্রদত্ত বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে এ বিষয়টি উল্লেখ করেছেন (বুখারি : ৩৩৫)। এটি পূর্ববর্তী নবীদের শরিয়তের তুলনায় তাঁর শরিয়তের কিছু বিশেষ বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত।
মহান চরিত্রের অধিকারী
নবীজি (সা.)-এর মহত্ত্বের সবচেয়ে উজ্জ্বল দিকগুলোর একটি হলো তাঁর অনুপম চরিত্র। মহান আল্লাহ তাঁর চরিত্রের প্রশংসা করে বলেছেন, ‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী’ (সুরা কলম : ৪)। হজরত আয়েশা (রা.)-কে তাঁর চরিত্র সম্পর্কে জিগ্যেস করা হলে তিনি বলেন, ‘তাঁর চরিত্রই ছিল কুরআন’ (মুসলিম : ৭৪৬)। অর্থাৎ কুরআনের শিক্ষা তাঁর জীবনে কেবল বক্তব্য বা তত্ত্ব হিসেবে ছিল না; বরং তাঁর কথা, কাজ, আচরণ, ক্ষমা, দয়া, ধৈর্য ও মানবিকতার প্রতিটি ক্ষেত্রে তা বাস্তব রূপ লাভ করেছিল।
অপরিসীম দয়ালু ও কল্যাণকামী
নবীজি (সা.) তাঁর উম্মতের প্রতি ছিলেন অত্যন্ত দয়ালু ও মমতাশীল। মহান আল্লাহ বলেন, ‘তোমাদের যেকোনো কষ্ট তাঁর কাছে অত্যন্ত কষ্টদায়ক। তিনি তোমাদের কল্যাণের প্রতি অত্যন্ত আগ্রহী এবং মুমিনদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু’ (সুরা তওবা : ১২৮)। উম্মতের ঈমান, হেদায়েত ও নাজাতের জন্য তাঁর ব্যাকুলতা ছিল অতুলনীয়। তিনি নিজের আরাম-আয়েশের চেয়ে উম্মতের কল্যাণকে অধিক গুরুত্ব দিয়েছেন। তাঁর পুরো জীবন ছিল মানবতার মুক্তি ও কল্যাণের জন্য উৎসর্গ।
নবীজি (সা.)-এর বৈশিষ্ট্য ও মর্যাদা কোনো নির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ নয়। তিনি আল্লাহর হাবিব, সবশেষ নবী, মানবজাতির রাসুল এবং পুরো সৃষ্টির জন্য রহমত। তাঁর জীবন মানবতার জন্য আলোর মিনার এবং তাঁর সুন্নত নাজাতের পথ। আমাদের কর্তব্য হলো, নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসাকে শুধু মুখের দাবিতে সীমাবদ্ধ না রেখে তাঁর আদর্শকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করা। কারণ সত্যিকারের নবীপ্রেম হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে, আর সেই ভালোবাসা মানুষকে সুন্নতের পথে পরিচালিত করে।
লেখক : এমফিল গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সময়ের আলো/প্রিন্ট/জেডি