বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনীতে ছাতিম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম এমডি বাঁধন (২৩)। সে সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার মাসুদ রানার ছেলে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসীরা ওই গাছের ডালে বাঁধনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, এটি আত্মহত্যা নয়। পরিকল্পিত ভাবে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
সময়ের আলো/জোই