বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ১২ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার মার্কিন ডলার করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৬ সেপ্টেম্বর) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো একটি পঞ্জিকাবর্ষে একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিককে বিদেশ ভ্রমণের জন্য সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।
বাংলাদেশ ব্যাংক বলছে, নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় নিয়ে এই সীমা বাড়ানো হয়েছে।
নতুন সিদ্ধান্তে প্রাপ্তবয়স্কদের বার্ষিক ভ্রমণ কোটা একবারে ৬ হাজার ডলার বাড়ল। ফলে আগের তুলনায় সীমাটি ৫০ শতাংশ বেড়ে হয়েছে ১৮ হাজার ডলার।
তবে ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নিয়ম অপরিবর্তিত থাকছে। তারা প্রাপ্তবয়স্কদের অনুমোদিত সীমার ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুবিধা পাবেন। অর্থাৎ নতুন সীমা অনুযায়ী শিশুদের জন্য সর্বোচ্চ কোটা হবে ৯ হাজার ডলার।
পুরো ১৮ হাজার ডলার নগদ নেওয়ার সুযোগ থাকছে না। আগের নিয়ম অনুযায়ী, একজন ভ্রমণকারী বার্ষিক কোটার মধ্যে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার নগদ নোট সঙ্গে নিতে পারবেন। বাকি অর্থ অনুমোদিত অন্যান্য মাধ্যমে ব্যবহার করা যাবে।
নতুন সিদ্ধান্তের ফলে পর্যটন, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা এবং অন্যান্য অনুমোদিত বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ বাড়ল।
সময়ের আলো/এমকে