কয়েক মাস আগেও দৃশ্যটা ছিল ভিন্ন। মালদ্বীপে ভারতের বিপক্ষে জিতে সাফ অ-২০ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই উজবেকিস্তানে এএফসি অ-২০ টুর্নামেন্টের বাছাইয়ে পা রেখেছিল দলটি। কিন্তু এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে ওঠার স্বপ্নটা শেষ হলো একেবারেই বিবর্ণভাবে। নিজেদের শেষ ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশের যুবারা।
সিরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হারের পরই কোচ জেরার্ড জোন্সকে সরিয়ে দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ভারতের বিপক্ষে আজ সহকারী কোচ আতিকুর রহমান মিশুর অধীনে নতুন উদ্যমে মাঠে নামার চেষ্টা করেছিল বাংলাদেশ। কিন্তু কোচ বদলালেও বদলায়নি দলের পারফরম্যান্সের চিত্র।
ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতে। বাংলাদেশের রক্ষণকে একের পর এক চাপে ফেলেছে তারা, তৈরি করেছে একাধিক গোলের সুযোগ। প্রথমার্ধে একবার বাংলাদেশের জালে বল পাঠিয়ে এগিয়ে যায় ভারত। বিরতির পর আরও দুই গোল করে জয় নিশ্চিত করে তারা।
কয়েক মাস আগে সাফ অ-২০ টুর্নামেন্টে যে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ, সেই ভারতের কাছেই এবার তিন গোলের ব্যবধানে হারতে হলো। শুধু হার নয়, পুরো টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্সেই ফুটে উঠেছে বড় ধরনের দুর্বলতা।
যুব এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে উজবেকিস্তানে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু তিন ম্যাচের একটিতেও জয় তো দূরের কথা, গোলও করতে পারেনি দলটি। বিপরীতে প্রতিপক্ষের কাছে হজম করেছে আট গোল। চার দলের গ্রুপে তলানিতে থেকেই শেষ হয়েছে বাংলাদেশের অভিযান।
এই ব্যর্থতার প্রভাব শুধু এবারের টুর্নামেন্টেই সীমাবদ্ধ থাকছে না। এ আসরে সবচেয়ে নিচে থাকা ছয় দলকে আগামীবার সরাসরি বাছাইপর্বে খেলার বদলে ডেভেলপমেন্ট কাপ পেরিয়ে আসতে হবে। ফলে আগামীবার বাংলাদেশের সরাসরি বাছাইপর্বে খেলার সুযোগও অনিশ্চিত হয়ে পড়েছে।
মাঠের বাইরের পরিস্থিতিও পুরো প্রস্তুতিকে বারবার আলোচনায় এনেছিল। টুর্নামেন্টের আগে ব্রিটিশ কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ঢাকায় পুলিশও ডাকতে হয়েছিল জোন্সকে। এমন পরিস্থিতির মধ্যেও দুজনকেই উজবেকিস্তানে পাঠিয়েছিল বাফুফে।
উজবেকিস্তানে গিয়ে অবশ্য মিশু সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে থাকলেও ডাগআউটে বসতে পারেননি। দুই ম্যাচ পর জেরার্ড জোন্সকে বরখাস্ত করা হয়। কিন্তু শেষ পর্যন্ত কোচিংয়ে পরিবর্তন এনেও মাঠের ফল বদলাতে পারেনি বাংলাদেশ।
তিন ম্যাচে আট গোল হজম, বিপরীতে একটিও গোল করতে না পারা এবং গ্রুপের তলানিতে থেকে বিদায়। কয়েক মাস আগে সাফের শিরোপা জেতা বাংলাদেশের অ-২০ দলের জন্য এএফসি বাছাইয়ের অভিযান তাই হয়ে থাকল হতাশার এক দীর্ঘ তালিকা।
সময়ের আলো/টিকে