মেজর লিগ সকারে (এমএলএস) একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। আগের ম্যাচে এমএলএসের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে গোলে অবদান রাখার রেকর্ড গড়েছিলেন ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। এবার সেই রেকর্ডকে আরও এক ধাপ এগিয়ে নিলেন তিনি।
সিএফ মন্ট্রিলের বিপক্ষে গোল করে এমএলএসের ইতিহাসে প্রথম টিনেজার হিসেবে টানা পাঁচ ম্যাচে গোলে অবদান রাখার কীর্তি গড়েছেন কাভান।
রোববারের ম্যাচে মন্ট্রিলকে ২-০ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। দলের হয়ে ৫৭ মিনিটে প্রথম গোলটি করেন ড্যানলে জিন জ্যাকেস। ৭৫ মিনিটে কাভানের গোলে ব্যবধান দ্বিগুণ করে ফিলাডেলফিয়া।
গোলটি ছিল দারুণ ক্ষিপ্রতার পরিচয়। বক্সে ফিলাডেলফিয়ার এক খেলোয়াড় শট নেওয়ার আগেই মন্ট্রিলের গোলরক্ষকের কাছে পরাস্ত হন। পেছন থেকে ছুটে এসে সেই বলেই এক শটে জালে পাঠান কাভান। একাধিক প্রতিপক্ষের বাধা এড়িয়ে পাওয়া গোলটি চলতি মৌসুমে তার চতুর্থ।
এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে কাভানের গোলসংখ্যা দাঁড়িয়েছে চারটি। সঙ্গে আছে সাতটি অ্যাসিস্ট। অর্থাৎ ১৬ বছর বয়সেই ফিলাডেলফিয়ার হয়ে মোট ১১ গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি।
এটিও এমএলএসে ১৬ বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে নতুন রেকর্ড। এর আগে এই বয়সসীমায় সর্বোচ্চ ১০ গোলে অবদান রাখার রেকর্ড ছিল ফ্রেডি আদুর। ২০০৫ সালে ৪ গোল ও ৬ অ্যাসিস্ট মিলিয়ে ১০ গোলে অবদান রেখেছিলেন তিনি।
কাভান সেই রেকর্ড ছাড়িয়ে এখন ১১ গোলে অবদান রাখার কীর্তি গড়েছেন। মাত্র ১৬ বছর বয়সেই তাই এমএলএসের ইতিহাসে নিজের নামটি আরও শক্তভাবে লিখে ফেলছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই প্রতিভাবান ফুটবলার।
সময়ের আলো/টিকে