৩৭ বছরের শিক্ষকতা, ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

ঘোড়ার গাড়িতে চড়ে কর্মস্থল থেকে শেষবারের মতো বিদায় নিলেন প্রিয় শিক্ষক। ফুলেল শুভেচ্ছা, শিক্ষার্থীদের করতালি, সম্মানসূচক স্যালুট ও বিদায়ী গানের

2026-09-06T22:06:45+00:00
2026-09-07T00:06:35+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
৩৭ বছরের শিক্ষকতা, ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৬ পিএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ১২:০৬ এএম
ঘোড়ার গাড়িতে চড়ে শিক্ষকের বিদায়। ছবি : সময়ের আলো
ঘোড়ার গাড়িতে চড়ে কর্মস্থল থেকে শেষবারের মতো বিদায় নিলেন প্রিয় শিক্ষক। ফুলেল শুভেচ্ছা, শিক্ষার্থীদের করতালি, সম্মানসূচক স্যালুট ও বিদায়ী গানের মধ্য দিয়ে দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপুল চন্দ্র দে। ব্যতিক্রমী এই আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীরা তাকে ঘোড়ার গাড়িতে করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে জানালেন ভালোবাসা ও শ্রদ্ধার রাজকীয় বিদায়।

বিদায় সংবর্ধনা উপলক্ষে রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। এ সময় স্কাউট সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা করতালি ও ফুল দিয়ে বিপুল চন্দ্রকে শুভেচ্ছা জানান। প্রাত্যহিক সমাবেশে তাকে সম্মানসূচক স্যালুট দেওয়া হয় এবং পরিবেশিত হয় বিদায়ী সংগীত। পরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের স্মৃতিচারণ, মানপত্র পাঠ ও বিতরণ, নাটিকা উপস্থাপন, উত্তরীয় পরিধান, গীতা পাঠ ও উপহার বিতরণ করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিপুল চন্দ্র দে ১৯৮৯ সালের ১ আগস্ট করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখানে প্রায় ২২ বছর গণিতের শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর ২০১১ সালের ১ অক্টোবর জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। সেখানে প্রায় ১৫ বছর দায়িত্ব পালনকালে তিনি শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তিনি বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। ২০২৬ সালের ৪ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বিপুল চন্দ্র দে। পরে তাকে ঘোড়ার গাড়িতে করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। দীর্ঘ কর্মজীবনের পর প্রিয় শিক্ষককে এমন ব্যতিক্রমী বিদায় জানাতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত অতিথিরা।

বিদায়ী শিক্ষক বিপুল চন্দ্র দে বলেন, শিক্ষকতা তার কাছে শুধু একটি পেশা নয়, বরং জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। দীর্ঘ কর্মজীবনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পরিষদের কাছ থেকে পাওয়া সহযোগিতা ও ভালোবাসার কথা তিনি আজীবন স্মরণ রাখবেন।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে শিক্ষার্থীদের কাজ করার আহ্বান জানান তিনি।


বিদায়ী এই শিক্ষককে নিয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল হাশেম ভূঁইয়া বলেন, একজন আদর্শ শিক্ষক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিপুল চন্দ্র দে তার দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। তার কর্মনিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা অনুসরণীয় হয়ে থাকবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম বলেন, বিপুল চন্দ্র দে শুধু একজন দক্ষ শিক্ষকই নন, তিনি বিদ্যালয় পরিবারের একজন অভিভাবক ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তার অবদান বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   শিক্ষক  ঘোড়ার গাড়ি  রাজকীয় বিদায়  চট্টগ্রাম  সিময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: