কাগজের ব্যবহার কমিয়ে সংসদের নথি ও কার্যক্রম পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলা ও ইংরেজি ভাষার সংস্করণসহ ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের পরিকল্পনা করছে জাতীয় সংসদ।
রোববার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ ও এ বি এম মোশাররফ হোসেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে সেপ্টেম্বরের শেষ দিকে প্রস্তাবিত ই-পার্লামেন্ট সিস্টেমের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপনের নির্দেশ দেন স্পিকার। এতে সিস্টেমটির কার্যপদ্ধতি, প্রযুক্তিগত সক্ষমতা ও বাস্তবায়ন পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে।
বৈঠকে জানানো হয়, প্রস্তাবিত ব্যবস্থায় বাংলা ও ইংরেজি ভাষায় সংসদীয় নথি ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ ও আদান-প্রদান করা যাবে। এতে সংসদের বিভিন্ন কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে পরিচালনার পাশাপাশি সময় ও প্রশাসনিক ব্যয় কমবে।
ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে ডেপুটি স্পিকারকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠনের নির্দেশনাও দিয়েছেন স্পিকার। কমিটি সিস্টেমটির কাঠামো, বাস্তবায়ন প্রক্রিয়া, প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।
বৈঠকে বলা হয়, ই-পার্লামেন্ট চালু হলে সংসদের বিভিন্ন কার্যক্রম ও নথি ডিজিটাল ব্যবস্থায় পরিচালিত হবে। ফলে কাগজের ব্যবহার কমার পাশাপাশি সংসদীয় কার্যক্রমে গতি, দক্ষতা ও সমন্বয় বাড়বে।
প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ও অন্যান্য সহযোগিতার জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), দাতা দেশ ও সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রকল্পের পরবর্তী পর্যায়ে তাদের সহযোগিতা নেওয়া হবে। স্পিকারের সঙ্গে সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসএকে