বিতর্ক, সমালোচনা ও পদত্যাগের দাবির মধ্যেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০২৭ সালের নির্বাচনে চতুর্থ মেয়াদের জন্য লড়বেন। রোববার (৬ সেপ্টেম্বর) ফিফার এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
ফিফার ওই মুখপাত্র বলেন, এপ্রিলে ইনফান্তিনো ২০২৭ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তার সেই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি। নির্বাচনে তিনি অংশ নেবেন।
ইনফান্তিনোর ওপর সাম্প্রতিক সময়ে চাপ বেড়েছে মূলত ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব ঘিরে। ব্যাপক সমালোচনার মুখে গত জুলাইয়ে প্রস্তাবটি বাতিল করা হয়। এরপর ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও কনকাকাফের পক্ষ থেকে তার পদত্যাগের দাবিও ওঠে।
অন্যদিকে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনগুলো এখনো ইনফান্তিনোর প্রতি সমর্থন ধরে রেখেছে। ফলে ফিফার অভ্যন্তরে তার নেতৃত্ব নিয়ে বিভাজন আরও স্পষ্ট হয়েছে।
শনিবার পোল্যান্ডে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ চলাকালে সাম্প্রতিক অস্থিরতা নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো মন্তব্য করেননি ৫৬ বছর বয়সী ইনফান্তিনো। তিনি বলেন, ‘অনেক কিছু বলার আছে। তবে সেটা বলার জন্য সঠিক জায়গা ও সঠিক সময় আছে।’
২০২৭ সালের নির্বাচনে এখন পর্যন্ত ইনফান্তিনোর বিরুদ্ধে কেউ আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি। আগামী ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফা কংগ্রেসে নির্বাচন হওয়ার কথা। জয়ী হলে ২০৩১ সাল পর্যন্ত ফিফার সভাপতি থাকবেন ইনফান্তিনো।
সময়ের আলো/জেডি