প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম আপডেট: ০৯.০৯.২০২৬ ৫:৩৫ পিএম
কদমরসুল কাঁচাবাজার। ছবি : সময়ের আলো চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০টি ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় তাদের আনুমানিক এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে কদমরসুল কাঁচা বাজারের একটি লেপ-তোষকের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাজারের অধিকাংশ দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে ফার্নিচারের দোকান, মুদির দোকান, হার্ডওয়্যার, সেলুন, দুটি ফার্মেসি ও চায়ের দোকান। আগুনে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
সময়ের আলো/এনএন