প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৫৫ পিএম আপডেট: ২৬.১০.২০২৬ ৩:৫৬ পিএম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত ময়মনসিংহের গফরগাঁওয়ে খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পান করে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে উপজেলার গোলাবর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- দক্ষিণ গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের গোলাবর গ্রামের মাহমুদ হাসান সাজিদ (৩) ও একই গ্রামের হুমায়রা (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি বড় শ্যাম্পুর বোতল শেষ হয়ে যাওয়ার পর মেয়াদোত্তীর্ণ অবশিষ্টাংশসহ বোতলটি আবর্জনা হিসেবে ঘরের এক কোণে ফেলে রাখে পরিবারের সদস্যরা। রোববার সকাল ১০টার দিকে বোতলটি নিয়ে মাহমুদ হাসান সাজিদ, হুমায়রাসহ তিন শিশু প্লাস্টিকের হাঁড়ি-পাতিল নিয়ে খেলছিল। খেলার একপর্যায়ে শ্যাম্পুর ফেনা দিয়ে তারা হাঁড়ি-পাতিল ধোয়া-মোছা করছিল। পরে বোতলে পানি ভরে ফেনা তৈরি করে সেই পানি তারা পান করে ফেলে। এতে ৩ শিশুই গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় হুমায়রাসহ অপর শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হুমায়রার মৃত্যু হয়। অপর শিশুটি বর্তমানে সুস্থ আছে বলে জানা গেছে।
এ বিষয়ে পাগলা থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘পরিবারের লোকজন ঝামেলার ভয়ে বিষয়টি থানায় জানায়নি। রাত ১১টার দিকে সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত শিশুদের পরিবারের কোনো অভিযোগ নেই।’
সময়ের আলো/মহু