কুষ্টিয়ায় ‘ক্যাশ হান্টিং’ উন্মাদনা, টাকার খোঁজে ছুটছে শিক্ষার্থীরা

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওর সংকেত অনুসরণ করে টাকা খুঁজে পাওয়ার খেলা ‘ক্যাশ হান্টিং’ ঘিরে কুষ্টিয়ায় তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে আগ্রহ।

2026-10-26T15:09:14+00:00
2026-10-26T15:09:14+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ায় ‘ক্যাশ হান্টিং’ উন্মাদনা, টাকার খোঁজে ছুটছে শিক্ষার্থীরা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:০৯ পিএম 
সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওর সংকেত অনুসরণ করে টাকা খুঁজে পাওয়ার খেলা ‘ক্যাশ হান্টিং’ ঘিরে কুষ্টিয়ায় তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে আগ্রহ। শহরের বিভিন্ন পার্ক, চায়ের দোকান কিংবা পরিচিত স্থানে ৫০০ ও ১ হাজার টাকার নোট লুকিয়ে রেখে সেই জায়গার ইঙ্গিত দিয়ে টিকটক, ফেসবুক রিলস ও ইনস্টাগ্রামে ভিডিও প্রকাশ করছেন কিছু কনটেন্ট ক্রিয়েটর। ভিডিওর সংকেত মিলিয়ে নির্ধারিত স্থানে পৌঁছে টাকা খুঁজে পেলেই সেটি নিজের করে নেওয়ার সুযোগ মিলছে। তবে এই প্রবণতা ঘিরে শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যক্তিগত নিরাপত্তা ও মানসিক বিকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অভিভাবক ও শিক্ষাবিদেরা।

কুষ্টিয়া শহরের বিভিন্ন পরিচিত স্থানে টাকা লুকিয়ে রেখে তার ভিডিও ধারণ করেন কনটেন্ট ক্রিয়েটররা। পরে স্থানটির কিছু ইঙ্গিত দিয়ে ভিডিও প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিও দেখার পর সংকেত অনুসরণ করে নির্দিষ্ট স্থানে ছুটে যান কিশোর-তরুণেরা। তাদের মধ্যে যিনি সবার আগে পৌঁছে লুকানো টাকা খুঁজে পান, তিনি সেটি পেয়ে যান। পরে বিজয়ীর ছবি বা ভিডিও প্রকাশ করে নিজেদের পেজে প্রচার চালান সংশ্লিষ্ট কনটেন্ট ক্রিয়েটররা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভিউ, লাইক ও অনুসারী বাড়ানোর কৌশল হিসেবে এ ধরনের ভিডিও তৈরি করা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভিডিও প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই অনেক শিক্ষার্থী নির্ধারিত স্থানে ছুটে যাচ্ছে। এতে বিভিন্ন জায়গায় টাকা খোঁজার জন্য হুড়োহুড়ির ঘটনাও ঘটছে।


অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সহজে টাকা পাওয়ার আকর্ষণে কিছু শিক্ষার্থী পড়াশোনা ও দৈনন্দিন কাজ ফেলে এসব কার্যক্রমে অংশ নিচ্ছে। কোনো পরিশ্রম ছাড়াই অর্থ পাওয়ার এই প্রবণতা তরুণদের মধ্যে লটারিনির্ভর মানসিকতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

এ ছাড়া পার্ক, ঐতিহাসিক স্থাপনা ও ব্যস্ত সড়কের পাশে টাকা খুঁজতে গিয়ে ভিড় ও হুড়োহুড়ি তৈরি হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়তে পারে।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এ ধরনের কার্যক্রমের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ ও সম্পৃক্ততা বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত হতে পারে। কিছু ক্ষেত্রে ভুয়া পেজ থেকে বিভ্রান্তিকর সংকেত দেওয়া হলে শিক্ষার্থীরা হয়রানি বা প্রতারণার শিকার হতে পারে। পাশাপাশি অনলাইন জুয়া ও অন্যান্য আর্থিক প্রলোভনের ফাঁদে পড়ার ঝুঁকিও রয়েছে।

কুষ্টিয়ার জ্যেষ্ঠ শিক্ষাবিদেরা মনে করেন, কৈশোরের কৌতূহলকে কাজে লাগিয়ে কিছু কনটেন্ট ক্রিয়েটর নিজেদের প্রচারের স্বার্থে শিক্ষার্থীদের আকৃষ্ট করছেন। তাদের মতে, সহজে টাকা পাওয়ার এই আকর্ষণ দীর্ঘ মেয়াদে তরুণদের মূল্যবোধ ও মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অভিভাবক ও সচেতন মহলের মতে, জনসমাগমস্থলে এ ধরনের কার্যক্রমের কারণে বিশৃঙ্খলা বা নিরাপত্তাঝুঁকি তৈরি হলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর দেওয়া প্রয়োজন। একই সঙ্গে সন্তানরা সামাজিক যোগাযোগমাধ্যমে কী ধরনের ভিডিও দেখছে, অনলাইনে কারা তাদের আকৃষ্ট করছে এবং অবসর সময়ে কোথায় যাচ্ছে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তারা।

সময়ের আলো/জোই
  বিষয়:   কুষ্টিয়া  ক্যাশ হান্টিং  উন্মাদনা  টাকার খোঁজ  শিক্ষার্থী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: