প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ২:৩১ পিএম আপডেট: ২৬.১০.২০২৬ ২:৩৬ পিএম
ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি। ছবি : সংগৃহীত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতের কবলে পড়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লা থেকে ফেরার পথে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুণ্ডা এলাকায় তিনি ডাকাতের কবলে পড়েন। তবে তার কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি বলে ফেসবুক লাইভে জানিয়েছেন।
এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর রয়েছেন বলে জানিয়েছেন ওসি মোহম্মদ আব্দুল বারিক। তিনি বলেন, ডাকাতি সংঘটিত হয়নি। চেষ্টা করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। ডাকাতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তবে আশপাশে লোকজনের অভিযোগ এই এলাকায় প্রায় ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে,কুমিল্লা থেকে ফেরার পথে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুণ্ডা এলাকায় ওয়াজ মহফিল শেষে বাড়ি ফেরার পথে রফিকুল ইসলাম মাদানি ডাকাতের কবলে পড়েন। তাৎক্ষণিক তিনি ফেসবুক লাইভে এসে তাকে রক্ষা করার আকুতি জানান।
তিনি লাইভে জানান, সড়কের মধ্যে বড়বড় পাথর ফেলে গাড়ির গতিরোধ করে ডাকাতি করা হচ্ছে। তার গাড়ি একটু দূরে থাকায় তিনি রক্ষা পেয়েছেন। ডাকাতরা রামদা নিয়ে ডাকাতি করছেন। এ সময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
তিনি আরও জানান, ডাকাতদের দেখে তার গাড়ি চালক দ্রুত গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়ার কারণে তারা রক্ষা পেয়েছেন।
সময়ের আলো/জোই