প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:৩৭ পিএম আপডেট: ২৬.১০.২০২৬ ২:০৫ পিএম
জাকির হোসেন। ছবি : সময়ের আলো বরিশালের উজিরপুরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় জাকির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বরিশাল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার।
মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে বানারীপাড়া উপজেলার কুন্দিহার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার জাকির হোসেন বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর প্রতিবেশী জাকির হোসেন দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এর ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে বাড়ির পাশে ডোবার পাড়ে কলমি শাক তুলতে গেলে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
এ সময় কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা করেন।
এসআরবি-৮-এর সদর কোম্পানির একটি অভিযানিক দল মামলার পর ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে জাকিরকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উজিরপুর থানায় হস্তান্তর করা হয়। পরে সোমবার সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়।
সময়ের আলো/জোই