প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৫১ পিএম আপডেট: ২৬.১০.২০২৬ ৩:৫১ পিএম
সংগৃহীত ছবি একই দিনে জন্ম হয়েছিল চাচাতো ভাই-বোন আব্দুল্লাহ আল আরাফ ও মিফতাহুল জান্নাতের। তাদের জন্মের পর পরিবারে খুশির বন্যা বয়ে গিয়েছিল। ঠিক একইভাবে সোমবার (২৬ অক্টোবর) সকালে দুইভাই বোনের পানিতে ডুবে মৃত্যু হয়।
সোমবার সকাল ১০টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আরাফ ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং মিফতাহুল জান্নাত আশরাফুল ইসলামের মেয়ে।
নিহত দুই শিশুর স্বজনরা জানান, পরিবারের সবার অজান্তে এক সঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে যায় তারা। পরে খোঁজাখুঁজি করতে গিয়ে ডোবার পানি থেকে তাদের উদ্ধার করা হয়। দ্রুত তাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/জোই