রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছে আগুন নিয়ন্ত্রণে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুমে আগুন লাগে। ধানমন্ডি ২৭ নম্বরে রাস্তার উত্তর দিকে মীনা বাজার থেকে দক্ষিণ দিকে এপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরবর্তীতে আরও দুটি ইউনিট যুক্ত হয়। দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় শোরুমের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সময়ের আলো/জেকিউএফ