প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৪০ পিএম আপডেট: ২৬.১০.২০২৬ ৯:৪১ পিএম
সংগৃহীত ছবি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে। এদিকে আগামী দুই দিনে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ পূর্বাভাস দেন।
আবহাওয়া অধিদফতর জানায়, সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা আরও বিস্তৃত হবে। এ সময় চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সোমবার দুপুর ১২টার দিকে ঘূর্ণিঝড় অর্ণবে পরিণত হয়।
বর্তমানে ঘূর্ণিঝড়টি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে সোমবার মধ্যরাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
পরে ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এ সময় এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। তবে এর গতিপথ ও শক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিস্থিতিতেও পরিবর্তন আসতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সময়ের আলো/এসকে