অধিকৃত পশ্চিম তীরের ই-১ এলাকায় ইসরায়েলের নতুন বসতি স্থাপনের পরিকল্পনার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের সরাসরি বিরোধী বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ বলেছে, ইসরায়েলের এই উদ্যোগ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অখণ্ডতা আরও ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে এর ফলে কার্যকর দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাও আরও দুর্বল হচ্ছে।
বিবৃতিতে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের ইসরায়েলি বসতি স্থাপন কার্যক্রম দ্রুত বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনি জনগণের আইনসম্মত ও অবিচ্ছেদ্য অধিকারের প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের সমর্থনও পুনর্ব্যক্ত করা হয়েছে।
বাংলাদেশের মতে, ১৯৬৭ সালের আগের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের অধিকার।
ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো কর্মকাণ্ড ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কূটনৈতিক উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানিয়েছে ঢাকা।
একই সঙ্গে আন্তর্জাতিক আইন এবং দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে ন্যায়সংগত, পূর্ণাঙ্গ ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে বাংলাদেশ। তাদের স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার এবং রাষ্ট্র প্রতিষ্ঠার আইনসম্মত আকাঙ্ক্ষার প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে ঢাকা।
সময়ের আলো/ইউএমএইচ