ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকায় সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মশাবাহিত এই রোগের সংক্রমণ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তথ্য অধিদফতরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
তিন মাসের এই কর্মসূচির আওতায় দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনার কথা রয়েছে।
সময়ের আলো/এমকে