রাজধানী লালবাগ শহীদ নগরের একটি বাসা থেকে আনোয়ার হোসেন (৪৩) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জজকোর্টের সাবেক আইনজীবী ছিলেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহীদনগরের ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাড়ির ২য় তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ওই আইনজীবীর বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া থানার গোয়ালগাঁও গ্রামে। তার বাবার নাম আব্দুল মজিদ।
লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামিল হোসেন জানান, আনোয়ার হোসেন শহীদ নগর ৩ নম্বর গলির মনির হোসেনের বাড়ির দ্বিতীয় তলায় একাই একটি রুমে ভাড়া থাকতেন। চলতি মাসের ১তারিখে ওই বাসায় ভাড়া উঠেন। তিনি অবিবাহিত ছিলেন। আজ সকালের পাশের বাসার এক ভাড়াটিয়া দুর্গন্ধ পেয়ে ওই বাসায় উঁকি দেন। তখন দরজা হালকা ধাক্কা দিতেই খুলে যায়। পরে ভিতরে আনোয়ার হোসেনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানা খবর দেন।
তিনি জানান, রুমের ভিতর ফ্লোরে বিছানা করে থাকতে তিনি। সেই বিছানার উপরে তিনি মৃত অবস্থায় পড়ে ছিলেন। তার শরীর পচে কিছুটা ফুলে গেছে এবং ফুসকা পড়েছে। রুমে প্লেটে খাবারের কিছু অবশিষ্ট পাওয়া গেছে। এছাড়া মাদক সেবনের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, ইয়াবা এবং ফয়েল পেপার ও ছিল রুমের ভেতর। ঘটনাস্থলে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। তার পরিবারের সাথে কথা বলে জানা গেছে, আনোয়ার হোসেন জজকোর্টের আইনজীবী ছিলেন। তবে নিয়মিত কোর্টে যেতেন না। এছাড়া হতাশাগ্রস্ত এবং মাদকাসক্ত ছিলেন। বাসার ভেতরে তিনি মাদক সেবন করতেন। অসুস্থতার কারণে দু-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
সময়ের আলো/কেএইচও