পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামী বইমেলা।
শনিবার (১২ সেপ্টেম্বর) আসরের নামাজের পর মসজিদের পূর্ব চত্বরে মেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক। এ ছাড়া ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের আয়োজনে এ বইমেলা চলবে ১১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকেই মেলায় প্রবেশ করা যাবে।
আয়োজকেরা জানিয়েছেন, এবারের মেলায় দেশের বিভিন্ন প্রান্তের পাঠক, লেখক, প্রকাশক ও ইসলামী সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণের সুযোগ থাকছে। দেশি-বিদেশি মিলিয়ে মোট ২০৬টি প্রকাশনা প্রতিষ্ঠান ও ইসলামী বইয়ের প্রকাশক মেলায় অংশ নিচ্ছে।
মেলা বাস্তবায়ন কমিটির তথ্য অনুযায়ী, মেলায় ১৪৪টি স্টল রয়েছে। এসব স্টলে শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠানের বই প্রদর্শন ও বিক্রি করা হবে।
বাংলাদেশের প্রকাশনা প্রতিষ্ঠানের পাশাপাশি মিসর, লেবানন, পাকিস্তান ও ভারত থেকে সাতটি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। ফলে দেশি ও বিদেশি ইসলামী সাহিত্য ও প্রকাশনার সমন্বয়ে বড় পরিসরে হচ্ছে এবারের আয়োজন।
মেলায় পবিত্র কোরআনের অনুবাদ ও তাফসির, হাদিস, সীরাত, ইসলামী দর্শন, ইতিহাস, গবেষণাসহ ধর্মীয় সাহিত্যের বিভিন্ন বই থাকছে। আন্তর্জাতিকভাবে পরিচিত বিভিন্ন গ্রন্থের অনুবাদের পাশাপাশি ইসলামের নানা বিষয়ে মৌলিক ও গবেষণাধর্মী বইও পাওয়া যাবে।
শিশু-কিশোরদের জন্যও রয়েছে ধর্মীয়, নৈতিক ও ইসলামী শিক্ষামূলক নানা বই। বিভিন্ন বয়সী পাঠকের জন্য প্রয়োজনীয় ইসলামী সাহিত্য এক জায়গায় পাওয়ার সুযোগ তৈরি হয়েছে এই মেলায়।
সময়ের আলো/জেডি