দলের কেন্দ্রীয় কমিটিসহ সব কমিটির শূন্য হওয়া পদ পূরণে নেতাদের পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে সারা দেশের থানা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তের আগে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তও নিয়েছে দলটি।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সূত্র জানায়, বৈঠকে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, ডেঙ্গু ও জ্বালানি পরিস্থিতি, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়। সাংগঠনিক কর্মকাণ্ড বিশেষ করে তৃণমূল পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। সারা দেশের থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটিগুলো ঢেলে সাজানোর সিদ্ধান্ত হয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী শীঘ্রই এই কার্যক্রম শুরু করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, মূলত ডেঙ্গু ও জ্বালানি ইস্যু আলোচনায় প্রাধান্য পেয়েছে। এই দুই ইস্যু কীভাবে মোকাবিলা করা যায় এবং দেশের মানুষকে স্বস্তিতে রাখা যায় তা নিয়ে মতামত চাওয়া হয়েছে। তবে, তারেক রহমানের আসন্ন বিদেশ সফর ও ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে কোনো আলোচনা হয়নি।
বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দলের বিভিন্ন কমিটিতে কেউ মারা গেছেন, কেউ বিভিন্ন কারণে দলের মধ্যে নেই, আবার কেউ বহিষ্কৃত হয়েছেন- এভাবে যেসব শূন্য পদ সৃষ্টি হয়েছে, সেগুলো পূরণের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এসব শূন্য পদে সংশ্লিষ্ট কমিটির ইমিডিয়েট নিচে যারা আছেন, তাদের পদোন্নতি দেওয়া যায় কি না, তা দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দেখা হবে। গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, ‘এই আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান এবং দলের মনোনয়নপত্র নিতে চান, তাদের জন্য আমরা একটি শিডিউল ঘোষণা করছি। আগামী ১৫ সেপ্টেম্বর দলের প্রার্থীরা পল্টন দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করবেন। ১৬ সেপ্টেম্বর প্রার্থীরা তা পূরণ করে জমা দেবেন। ১৮ সেপ্টেম্বর আমাদের জাতীয় স্থায়ী কমিটির সভায় চূড়ান্ত প্রার্থী ঠিক করা হবে।’
রিজভী বলেন, ‘সভায় সিদ্ধান্ত হয়েছে ডেঙ্গু প্রতিরোধে ঢাকাসহ সারা দেশে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি। দেশের নামকরা চিকিৎসক ও বিশেষজ্ঞদের দিয়ে তৈরি করা হবে ওই প্রচারপত্র। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান বারবার প্রচার করা হবে। দল ও সরকারের নেওয়া ডেঙ্গু প্রতিরোধমূলক এবং সচেতনতামূলক কর্মসূচিগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বিএনপি প্রয়োজনীয় উদ্যোগ নেবে।’
তিনি বলেন, ‘স্কুল, মাদরাসা, কলেজ ও হাট-বাজারে আবর্জনা রাখার জায়গা থাকে না। সেখানে আবর্জনা রাখার জন্য বিন স্থাপনের আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট স্কুল, মাদরাসা ও কলেজ কর্তৃপক্ষ এবং হাট-বাজারের কমিটিগুলোকে এ ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে দল থেকে এসব বিষয় পর্যবেক্ষণ করা হবে।’
রিজভী বলেন, ‘শনিবার সকালে প্রধানমন্ত্রী সারা দেশের জেলা ও উপজেলার সঙ্গে যুক্ত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে তিনি যেসব কার্যক্রম নিয়েছেন, সেগুলো সঠিকভাবে বাস্তবায়নের বিষয়টি বৈঠকে আলোচনা হয়েছে। উপজেলা ও জেলা পর্যায়ের সব হাসপাতালে মশারি সরবরাহ করা হবে। তবে, দলের কাউন্সিল নিয়ে কোনো আলোচনা হয়নি।’
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির সঙ্গে আঁতাত করেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গুলশানে মিছিল করেছে -এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘আমাদের কোনো জাতীয় নেতা তো বলেননি যে, আওয়ামী লীগকে ক্ষমা করে দেব। এটা কারা বলেছিল, সেটা নিশ্চয় দেশবাসী ভুলে যায়নি। সুতরাং, কে কার সঙ্গে আঁতাত করছে, সেটা জনগণ জানে। ফলে, এসব কথা বলে কোনো লাভ নেই।’
তিনি বলেন, ‘তারা বেআইনি সংগঠন, নিষিদ্ধ সংগঠন- আদালত কর্তৃক তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং, তারা প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারে না। কারা এর সঙ্গে জড়িত আছে- সে অনুযায়ী পদক্ষেপ নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেফতারও করেছে।’
সরকার গঠনের পর শনিবার তৃতীয়বারের মতো স্থায়ী কমিটির বৈঠক করে বিএনপি। বৈঠকের শুরুতে নতুন ৪ সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহকে স্বাগত জানানো হয়। এ ছাড়া, দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে মির্জা আব্বাস বৈঠকে যোগ দেওয়ায় তারও সুস্থতা কামনা করা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান এবং অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
এর আগে, সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে নাটোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সময়ের আলো/মহু