কুরআনের ১০৮তম সুরা আল-কাওসার আয়তনে অত্যন্ত সংক্ষিপ্ত, মাত্র তিনটি আয়াত। কিন্তু এই সংক্ষিপ্ত সুরার মধ্যে আল্লাহ তায়ালা তাঁর প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি বিশেষ অনুগ্রহের ঘোষণা, একনিষ্ঠ ইবাদতের নির্দেশ এবং তাঁর বিরোধীদের পরিণতি সম্পর্কে গভীর বার্তা তুলে ধরেছেন। ‘কাওসার’ শব্দটি আরবি ‘কাসরাত’ ধাতু থেকে এসেছে, যার মধ্যে প্রাচুর্য ও বিপুলতার অর্থ নিহিত রয়েছে।
তাই তফসিরকাররা ‘কাওসার’-এর অর্থ হিসেবে প্রচুর কল্যাণ ও অফুরন্ত অনুগ্রহের কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে সহিহ হাদিসে ‘কাওসার’কে জান্নাতের একটি বিশেষ নদী হিসেবে বর্ণনা করা হয়েছে, যা আল্লাহ তায়ালা নবীজিকে দান করেছেন। ফলে ‘শাওসার’কে কেবল একটি নির্দিষ্ট নেয়ামতের মধ্যে সীমাবদ্ধ না রেখে নবীজিকে প্রদত্ত আল্লাহর ব্যাপক অনুগ্রহের প্রকাশ হিসেবে বোঝা অধিকতর অর্থবহ।
সুরা কাওসার নাজিলের প্রেক্ষাপটের সঙ্গে নবীজির ব্যক্তিগত দুঃখ ও তাঁর বিরোধীদের কটূক্তির বিষয়টি সম্পর্কিত বলে তাফসিরে উল্লেখ পাওয়া যায়। তাঁর পুত্রসন্তানদের ইন্তেকালের পর মুশরিকদের কেউ কেউ তাঁকে ‘আবতার’ বলে উপহাস করেছিল অর্থাৎ তারা মনে করেছিল, তাঁর নাম ও বংশধারা একসময় বিলীন হয়ে যাবে। এমন পরিস্থিতিতে আল্লাহ তায়ালা তাঁর নবীকে সান্ত্বনা দেন এবং ঘোষণা করেন যে, তিনি তাঁকে কাওসার তথা বিপুল কল্যাণ দান করেছেন। একই সঙ্গে জানিয়ে দেন, প্রকৃতপক্ষে নবীজির বিরোধিতাকারীরাই কল্যাণ থেকে বিচ্ছিন্ন হবে।
প্রথম আয়াতে আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই আমি তোমাকে কাওসার দান করেছি। এই ঘোষণা নবীজির প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ ও মর্যাদার প্রকাশ। এরপর দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, অতএব তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো। এখানে একটি গভীর সম্পর্ক লক্ষ করা যায় আল্লাহর পক্ষ থেকে নেয়ামত লাভের পর বান্দার দায়িত্ব হলো সেই নেয়ামতের জন্য তাঁরই প্রতি কৃতজ্ঞ থাকা এবং ইবাদতকে একমাত্র তাঁর জন্য নির্দিষ্ট করা। নামাজ ও কুরবানির উল্লেখের মাধ্যমে আল্লাহর জন্য একনিষ্ঠতা, আনুগত্য ও আত্মসমর্পণের শিক্ষা সুস্পষ্ট হয়েছে।
কুরবানির নির্দেশটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কুরবানি কেবল একটি আনুষ্ঠানিক ধর্মীয় আচার নয়, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ ও আনুগত্যের মানসিকতা প্রকাশ পায়। একইভাবে নামাজ মানুষকে তার প্রতিপালকের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার সুযোগ দেয়। সুতরাং সুরা আল-কাওসারের শিক্ষা হলো আল্লাহর অনুগ্রহ উপলব্ধি করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং জীবনের ইবাদত ও ত্যাগকে তাঁর সন্তুষ্টির জন্য নিবেদিত করতে হবে।
এই সুরার তৃতীয় আয়াতে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীই নির্বংশ। এখানে ‘আবতার’ শব্দের অর্থকে শুধু বংশধারা বিচ্ছিন্ন হওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে কল্যাণ ও মর্যাদা থেকে বিচ্ছিন্নতার অর্থেও বোঝানো হয়েছে। যারা নবীজিকে অপমান ও অবজ্ঞা করেছিল, আল্লাহ তায়ালা তাদের সেই বিদ্বেষের প্রকৃত পরিণতি স্পষ্ট করে দিয়েছেন। এর মাধ্যমে সত্য ও মিথ্যার পরিণতি সম্পর্কেও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় মানুষের সাময়িক বিদ্রুপ বা বিরোধিতা সত্যের মর্যাদাকে নষ্ট করতে পারে না।
সুরা কাওসারের শিক্ষা শুধু নবীজির যুগের একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়। একজন মুসলমানের ব্যক্তিগত জীবনেও এর তাৎপর্য রয়েছে। মানুষ প্রতিদিন আল্লাহর অসংখ্য নেয়ামত ভোগ করে, অথচ অনেক সময় সে সবের প্রতি যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যায়। এই সুরা আমাদের শেখায়, আল্লাহর অনুগ্রহ উপলব্ধি করা এবং সেই অনুগ্রহের স্বীকৃতিস্বরূপ তাঁর ইবাদতে মনোনিবেশ করা মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কৃতজ্ঞতা শুধু মুখের উচ্চারণে সীমাবদ্ধ নয়; বরং আল্লাহর দেওয়া সামর্থ্য ও সম্পদকে সৎ ও কল্যাণকর কাজে ব্যবহার করাও কৃতজ্ঞতার বাস্তব প্রকাশ।
সময়ের আলো/প্রিন্ট/জেডি