রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পিআইসিইউতে ৯ মাসের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরে চিকিৎসকের অনুপস্থিতি ও চিকিৎসাব্যবস্থা নিয়ে অভিযোগ তুলে ফেসবুক লাইভ করেছেন শিশুটির স্বজন আসিফ হাসান।
রোববার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে করা ওই লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আসিফের দাবি, তার ভাগ্নির ছেলেকে গত ১ সেপ্টেম্বর রাজধানীর বীর উত্তম সিআর দত্ত রোডের পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময় চিকিৎসকেরা শিশুটির রক্তে সুগার কমে যাওয়ার কথা জানান। পরে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে শিশুটির বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার কথা জানানো হয় বলে অভিযোগ তাঁর।
আসিফ জানান, রোববার তারা জানতে পারেন, পরদিন শিশুটিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। তবে ওই দিন বিকেলে হঠাৎ পরিবারের সদস্যদের জানানো হয়, শিশুটির লাইফ সাপোর্ট প্রয়োজন। পরে শিশুটিকে দেখতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দেখতে দেয়নি বলে অভিযোগ করেন তিনি।
আসিফের ভাষ্য, একপর্যায়ে তারা জোর করে পিআইসিইউতে প্রবেশ করে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় ডাকাডাকি করেও কোনো চিকিৎসকের দেখা পাননি বলে দাবি করেন তিনি।
ফেসবুক লাইভে আসিফ অভিযোগ করেন, চিকিৎসার নামে হাসপাতাল কর্তৃপক্ষ দুই লাখ টাকার বেশি বিল করেছে। তার আরও অভিযোগ, লাইভ করার পর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কয়েকজন বহিরাগত এসে তাকে শাসানোর চেষ্টা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
আসিফের দেওয়া তথ্য অনুযায়ী, ডা. আতিকুর রহমানের অধীনে শিশুটির চিকিৎসা চলছিল। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই চিকিৎসকের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা যায়নি।
শিশুটির মৃত্যুর কারণ এবং চিকিৎসায় কোনো ধরনের অবহেলা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সময়ের আলো/এসএকে