রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ সকাল থেকে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকালের দিকে ঢাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টির পাশাপাশি বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে, আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সময়ের আলো/মহু