দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির আঙিনায় আদা চাষের আড়ালে গাঁজা চাষ করায় আবু তালেব (২৭) নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় প্রায় ১২ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ জব্দ করা হয়। পুলিশ বলছে, গাছ দুটির একটির ওজন প্রায় ১২ কেজি এবং অপরটির ৮ কেজি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাত দেড়টার দিকে ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের শ্রী হরিবিহরি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবু তালেব ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির আঙিনায় আদা চাষের আড়ালে গোপনে গাঁজা চাষ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির) নেতৃত্বে পুলিশের দল গভীর রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে আবু তালেবের বসত বাড়ির আঙিনায় আদা খেত থেকে বিশাল আকৃতির দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তালেব জানান, ৬-৭ মাস ধরে তিনি নিজের সেবন ও বিক্রির উদ্দেশ্যে আদা চাষের আড়ালে গাঁজার গাছ দুটি পরিচর্যা করে আসছিলেন।
স্থানীয় ইউপি সদস্য সরোয়ার বলেন, আদা খেতে গাঁজা চাষের এই ঘটনা আমাদের এলাকার জন্য উদ্বেগজনক। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অপকর্ম করতে না পারে, সে বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ মাদক গাঁজা চাষের অপরাধে আবু তালেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
সময়ের আলো/এনএন