আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে দেশের ৮০ উপজেলার সব ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, প্রথম ধাপে ১২ নভেম্বর ৮০ উপজেলার সব ইউনিয়ন পরিষদে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ২০২৭ সালের ১৭ জানুয়ারি চতুর্থ ধাপ, ৪ ফেব্রুয়ারি পঞ্চম ধাপ, ২২ এপ্রিল ষষ্ঠ ধাপ এবং ২৭ মে সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে।
এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, 'যদি এই সময়ের মধ্যে আইন পরিবর্তন না হয়, তবে আমরা বিদ্যমান আইন অনুযায়ীই স্থানীয় নির্বাচন পরিচালনা করব।'
তবে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার নির্দিষ্ট সময় তখন জানাননি ইসি মাছউদ। তিনি বলেছিলেন, শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
সময়ের আলো/এমকে