দিনাজপুরের বীরগঞ্জে ওয়াশরুমে যাওয়ার সময় এক বিদেশফেরত যাত্রীকে ফেলে চলে যায় হানিফ পরিবহনের একটি বাস। বাসে থাকা তার দুটি পাসপোর্ট, বিমানের টিকিট ও লাগেজও নিয়ে চলে যায় বাসটি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ বাসটি থামিয়ে ওই যাত্রীর মালামাল উদ্ধার করে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মুখপাত্র পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন। রোববার রাতে বীরগঞ্জের দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
৯৯৯ সূত্রে জানা যায়, মোজাম্মেল নামে ওই যাত্রী সৌদি আরবপ্রবাসী। ঢাকার বিমানবন্দরে নামার পর আবদুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন তিনি। দশমাইল এলাকায় বাস থামলে সুপারভাইজারকে জানিয়ে ওয়াশরুমে যান মোজাম্মেল। ফিরে এসে দেখেন, তাকে রেখেই বাসটি চলে গেছে।
তার দুটি পাসপোর্ট, একটি বিমানের টিকিট এবং বিদেশ থেকে আনা মালামালসহ লাগেজ বাসেই রয়ে যায়। পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান।
৯৯৯ থেকে বীরগঞ্জ থানাকে বাসটি শনাক্ত করে মালামাল উদ্ধারের নির্দেশ দেওয়া হয়। কলটি গ্রহণ করেন কনস্টেবল মো. রুহুল আমিন। উদ্ধার অভিযান সমন্বয় করেন ৯৯৯-এর ডিসপ্যাচার এসআই আব্দুল মান্নান।
পরে বীরগঞ্জ থানার একটি টহল দল শহীদ মিনার মোড়ে চলন্ত বাসটি থামিয়ে মোজাম্মেলের দুটি পাসপোর্ট, লাগেজ ও অন্যান্য মালামাল উদ্ধার করে। পরে থানায় গিয়ে মোজাম্মেল তার সব মালামাল বুঝে নেন।
সময়ের আলো/এমকে