ব্রাহ্মণবাড়িয়ায় ফোন না ধরাকে কেন্দ্র করে তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
অভিযোগের শিকার দুজন হলেন তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার ম্যানেজার মহিউদ্দিন আহমেদ সজীব ও বুকিং ক্লার্ক মো. কাউসার হোসেন।
ভুক্তভোগীদের দাবি, ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা সানি দীর্ঘদিন ধরে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের এজেন্টশিপ নেওয়ার চেষ্টা করছেন। সোমবার সকালে তিনি কাউসার হোসেনকে ফোন করে পরিচিত এক ব্যক্তির জন্য দুটি টিকিট দিতে বলেন। পরে কাউসার ফোন না ধরায় সানি কাউন্টারে গিয়ে ক্ষুব্ধ হন এবং একপর্যায়ে তাঁকে ও ম্যানেজারকে চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ করা হয়েছে।
এর আগে স্টেশন এলাকায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি কাউসারকে টিকিটের জন্য মারধর ও হেনস্তা করেন বলেও ভুক্তভোগীরা জানান। ঘটনার পর নিরাপত্তাহীনতায় কাউন্টারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর তা আবার চালু হয়। এতে যাত্রীরা টিকিট সংগ্রহে দুর্ভোগে পড়েন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহ আলম মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা ফাঁড়িতে এসেছেন। লিখিত অভিযোগ অনুযায়ী হামলাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন নাজমুল হুদা সানি। তিনি বলেন, ‘মূলত তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারের লোকজন অতিরিক্ত দামে কালোবাজারিদের কাছে টিকেট বিক্রী করছিল। স্টেশনে থাকা একজনের মাধ্যমে জানতে পেরে বিষয়টির খোঁজ খবর নিতে স্টেশনে গিয়ে প্রতিবাদ জানিয়েছিলাম। কিন্তু কাউকে মারধর করা হয়নি অভিযোগটি ভিত্তিহীন।’
সময়ের আলো/এমকে