প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৬:২৭ পিএম আপডেট: ৩০.১০.২০২৬ ৬:৪২ পিএম
ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান । ছবি : সময়ের আলো পাবনার ভাঙ্গুড়ায় রাসায়নিক দ্রব্য ও জেলি মিশিয়ে ভেজাল দুধ উৎপাদনের অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়েছে জেলা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) ও উপজেলা প্রশাসন। এ সময় দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ জেলি, সয়াবিন তেল ও ভেজাল দুধ জব্দ করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার কৈডাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই পাবনার একটি দল ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভেজাল দুধ তৈরির কাজে ব্যবহৃত ২ হাজার ৭০০ লিটার জেলি, ২০০ কেজি সয়াবিন তেল এবং ৩২০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কৈডাঙ্গা গ্রামের মৃত আবু তালেবের ছেলে আবুল বাশার এবং একই গ্রামের হাবিল প্রামাণিকের ছেলে মো. সবুজকে আটক করা হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ -এর ৫২ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাজা দেওয়া হয়। এর মধ্যে একজনকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা এবং অপরজনকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এবিএম লুৎফুল কবির, ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নুরুল ইসলামসহ স্থানীয় থানা-পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযান শেষে জব্দ করা ভেজাল দুধ উপস্থিত সবার সামনে পাশের একটি ডোবায় ফেলে বিনষ্ট করা হয়।
সময়ের আলো/এসকে