প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৫:৪৪ পিএম
ছবি : সংগৃহীতগাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানক্ষেতে আত্মগোপনে থাকা মজনু সরকার নামে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠকের প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার। এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই উপজেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রমের পরিকল্পনা করছিলেন। এ উপলক্ষে স্থানীয় ইউপি সদস্য সেলিম ও জোবায়েরের বাড়িতে দুই ভাগে অন্তত অর্ধশত নেতাকর্মীর বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে গোবিন্দগঞ্জ ও আশপাশের এলাকায় অভিযান শুরু করে ডিবির একাধিক দল।
পুলিশের অভিযানের খবর পেয়ে নেতাকর্মীরা একত্র হয়ে ধানক্ষেতে আত্মগোপন করেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও মজনু সরকার ধানক্ষেত থেকে আটক হন।
পরে ২০২৪ সালের ৪ আগস্টের ঘটনায় ২০২৫ সালের ২২ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দায়ের করা সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর আদালতে পাঠানো হয় তাকে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানক্ষেতে আত্মগোপনে থাকা অবস্থায় মজনু সরকারকে গ্রেফতার করা হয়েছে। ২০২৫ সালে সদর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ২০০৯ সালের একটি চুরির মামলাও রয়েছে।
সময়ের আলো/এসএকে