প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৩:৪৭ পিএম
ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। ছবি : সময়ের আলো‘চাঁদাবাজ’ বললেই সাধারণ মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে—এমন মন্তব্য করেছেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। তিনি বলেন, দলীয়করণ ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। নির্বাচনে মানুষ অনেক আশা নিয়ে ভোট দিলেও তাদের প্রত্যাশা পূরণ হয়নি। এ কারণে সাত দফা দাবিতে ১১ দলীয় জোট লংমার্চের কর্মসূচি দিয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের আলহেরা এলাকার জেলা জামায়াত কার্যালয়ে লংমার্চ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে আলী আজম বলেন, ৩১ আগস্টের লংমার্চ সফল করতে ঝিনাইদহে ১১ দলীয় জোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ কর্মসূচিতে দুই লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যজোটের নেতারা ঢাকা থেকে খুলনা হয়ে ঝিনাইদহে পথসভা করবেন। এরপর তারা কুষ্টিয়ার একটি পথসভায় যোগ দেবেন। ঝিনাইদহে বিকেল ৫টার দিকে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি প্রধান কর্নেল (অব.) অলি আহমদ, খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ সময় ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ১১ দলীয় জোটের জেলা আহ্বায়ক ও জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়ালসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোই