প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৩:৩৯ পিএম আপডেট: ৩০.১০.২০২৬ ৩:৩৯ পিএম
শুরুতেই বৈরী আবহাওয়া। ছবি : সময়ের আলো দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার মুখে পড়েছেন বরগুনার পাথরঘাটার জেলেরা। নিষেধাজ্ঞা শেষে ইলিশের আশায় নৌকা ও ট্রলার নিয়ে সাগরে ছুটলেও আবহাওয়ার বিরূপ পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে তাদের মধ্যে।
শুক্রবার (৩০ অক্টোবর) পাথরঘাটার আকাশ ছিল মেঘলা। স্থানীয়ভাবে কয়েক দফা বৃষ্টি ও দমকা বাতাস বয়ে যায়। আবহাওয়া অধিদফতরের সামুদ্রিক পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে, যা আরও ঘনীভূত হতে পারে। বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। এতে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।
দীর্ঘ ২২ দিন মাছ ধরা বন্ধ থাকায় অনেক জেলেকে ধারদেনা করে সংসার চালাতে হয়েছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সাগরে প্রচুর ইলিশ পাওয়ার আশায় নৌকা, ট্রলার ও জাল নিয়ে যাত্রা শুরু করেন তারা। দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকায় এবার বেশি ইলিশ পাওয়া যাবে—এমন প্রত্যাশা ছিল জেলেদের। এতে আগের লোকসান কিছুটা কাটিয়ে পরিবারে স্বস্তি ফেরানোর স্বপ্ন দেখছিলেন তারা। তবে সাগরে যাওয়ার শুরুতেই বৈরী আবহাওয়ার কারণে সেই প্রত্যাশা অনিশ্চয়তায় পড়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গত ইলিশ মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে জেলেদের মাছ শিকারে চরম বেগ পেতে হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক সময় তাঁরা সাগরে যেতে পারেননি। এমনকি মাছ ধরতে গিয়ে এখনো অনেক জেলে নিখোঁজ রয়েছেন, যা মৎস্যজীবী পরিবারগুলোর জন্য গভীর উদ্বেগের বিষয়।
তিনি আরও বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নতুন আশায় জেলেরা সাগরে যাত্রা শুরু করেছিলেন। তাদের প্রত্যাশা ছিল, এবার প্রচুর ইলিশ ধরা পড়বে এবং আগের লোকসান কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব হবে। কিন্তু মৌসুমের শুরুতেই আবারও বৈরী আবহাওয়ার মুখে পড়তে হয়েছে তাঁদের। আবহাওয়া অনুকূলে না থাকলে কাঙ্ক্ষিত মাছ পাওয়া কঠিন হবে। পাশাপাশি সাগরে জেলেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়বে।
এদিকে বৈরী আবহাওয়ার খবরে উদ্বেগ বাড়ছে উপকূলের জেলে পরিবারগুলোতেও। দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা মাছ ধরতে সাগরে গেলেও আবহাওয়ার অবনতির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন স্বজনেরা। প্রিয়জনেরা কখন নিরাপদে ঘাটে ফিরবেন, সেই অপেক্ষায় কাটছে তাদের সময়। বিশেষ করে গত মৌসুমে বৈরী আবহাওয়ায় জেলেদের নিখোঁজ হওয়ার ঘটনা নতুন করে ভাবিয়ে তুলছে উপকূলের পরিবারগুলোকে।
সময়েরে আলো/জোই