প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ২:৪০ পিএম
ফাইল ছবিকক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে ওপারে মায়ানমারে পরপর ৩টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হোয়াইক্যং, হ্নীলা ও উখিয়ার পালংখালী সীমান্তের বিভিন্ন এলাকায় গভীর রাতে হঠাৎ বিকট শব্দে অনেকের ঘুম ভেঙে যায়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩৬ মিনিটের দিকে এসব বিস্ফোরণের শব্দে সীমান্তবর্তী এলাকার বাড়িঘর কেঁপে ওঠে।
হ্নীলা মৌলভী বাজারের বাসিন্দা মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, রাতের নীরবতার মধ্যে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। এ সময় ঘরবাড়ি ও মাটি কেঁপে ওঠে। শব্দটি কীসের, তা বুঝতে পারিনি।
হ্নীলা মোচনি নয়াপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ রুবেল জানান,দীর্ঘদিন ধরে সীমান্তের ওপারে মায়ানমারে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এসব শব্দে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। বিশেষ করে বোমা বিস্ফোরণের শব্দে রাতে ঘরে থাকতেও ভয় লাগে।
স্থানীয়রা জানান, বিস্ফোরণগুলো মায়ানমারের ঠিক কোন এলাকায় এবং কী কারণে ঘটেছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে জান্তা সরকার বিমান হামলা চালাতে পারে।
মায়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম (জি) জানান, রাতে উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন খারাংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মায়ানমারের অভ্যন্তরে একটি বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়।
বিজিবি জানায়, খারাংখালী বিওপির বিআরএম-১৫ থেকে আনুমানিক ৫০০ মিটার উত্তর-পূর্বে, বিওপি থেকে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার উত্তর-পূর্বে এবং শূন্যলাইন থেকে আনুমানিক ৫০০ গজ মায়ানমারের অভ্যন্তরে প্রমাচংওয়া এলাকার ত্রিমুখী মোহনা নামক স্থানে ওই বিস্ফোরণের শব্দ শোনা যায়।
সময়ের আলো/জোই