প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ২:৩৪ পিএম
প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে জেলা জামায়াত। সময়ের আলোর ফাইল ছবিঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট কারচুপি, জাল ভোট, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে জেলা জামায়াত। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার গোল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা জামায়াতের প্রেস সেক্রেটারি মো. শাহজালাল জুয়েলের পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনে নানা অনিয়ম, নেতা-কর্মীদের গুরুতর আহত করা এবং তাদের বাড়িঘরে হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে জেলা জামায়াত কার্যালয় চত্বরে সংবাদ সম্মেলন করেন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী দেলাওয়ার হোসেন। সেখানে তিনি ভোটে কারচুপিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে শুক্রবার বিকেলে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী জামায়াতের দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
সময়ের আলো/জোই