প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ২:১৪ পিএম
সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও মাদকদ্রব্য জব্দ। ছবি : সময়ের আলোলালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও মাদকদ্রব্য জব্দ করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে পরিচালিত এসব অভিযানে ৪৬৭টি মোবাইল ডিসপ্লে, ৫ কেজি গাঁজা ও ৫০ বোতল ভারতীয় মদ আটক করা হয়। জব্দ করা পণ্যের সিজার মূল্য ২৮ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করছে তিস্তা ব্যাটালিয়ন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ২টা ৪০ মিনিটে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ী বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঁয়ষট্টিবাড়ী এলাকায় মালিকবিহীন অবস্থায় ৪৬৭টি উন্নতমানের ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।
অন্যদিকে, ভোর ৫টা ২০ মিনিটে হাতীবান্ধা উপজেলার সিংগীমারী বিওপির বিশেষ টহলদল কানিপাড়া এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৫ কেজি ভারতীয় গাঁজা ও ৫০ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে ৬১ বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সময়ের আলো/জোই