প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৫:৫৩ পিএম
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেসের বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ছবি : সংগৃহীত ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেসের বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় ইঞ্জিনের সঙ্গে থাকা তিনটি বগি নিয়ে ট্রেনটি প্রায় দুই কিলোমিটার সামনে চলে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। পরে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় যুক্ত করার পর বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে যাত্রা শুরু করে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ট্রেনটির ইঞ্জিনের সঙ্গে থাকা ‘ক’, ‘গ’ ও ‘ঘ’ নম্বর বগির সঙ্গে পেছনের বগিগুলোর সংযোগকারী হুক ভেঙে যায়। ফলে ইঞ্জিনের সঙ্গে থাকা তিনটি বগি নিয়ে ট্রেনটি প্রায় দুই কিলোমিটার এগিয়ে যায়।
বিষয়টি বুঝতে পেরে চালক ট্রেন থামান। পরে ট্রেনটি পেছনের দিকে নিয়ে বিচ্ছিন্ন বগিগুলোর কাছে নেওয়া হয়। চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীদের প্রচেষ্টায় বগিগুলো পুনরায় সংযুক্ত করা হয়।
ওসি আরও জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সময়ের আলো/জেডি